কুয়েতে বিক্ষোভ চলছে, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে গত বুধবার প্রায় ২০ জন বিরোধীদলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন সাবেক পার্লামেন্ট সদস্যও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অতর্কিতে পার্লামেন্টে ঢুকে হট্টগোল সৃষ্টির অভিযোগ রয়েছে। বিরোধী দলের আইনজীবী সূত্রে এ কথা জানা যায়।একই দিন প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকা একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। বিরোধীদলীয় আইনজীবীদের সমন্বয়ক আল-হুমাইদি আল-সুবাইয়ে বলেন, পার্লামেন্টে গিয়ে হট্টগোল বাধানোর অভিযোগে সকালে বিমানবন্দরে একজন বিরোধীদলীয় কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও ১৯ জন স্বেচ্ছায় গিয়ে ধরা দেয়। আরও অনেকে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক ইসলামি বিরোধীদলীয় এমপি ফাহাদ আল-খান্না ও তরুণ নেতারা রয়েছেন।পুলিশ সদর দপ্তরের বাইরে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের প্রায় ২৫০ জন স্বজন ও শুভানুধ্যায়ী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা স্লোগান দেয়। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। এএফপি ও রয়টার্স।