কুয়েতে সংঘর্ষে শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে নির্বাচনী আইন সংশোধনের বিরুদ্ধে গত রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে পুলিশ হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছোড়ে। দেশটির ইতিহাসে একে অন্যতম বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ১ ডিসেম্বর নির্বাচনের ডাক দিয়েছেন। সম্প্রতি করা নতুন আইনে এই নির্বাচন হওয়ার কথা। বিরোধী দলের অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করার জন্যই নতুন আইন করা হয়েছে।সরকারবিরোধীরা আমির ও যুবরাজের কার্যালয় এবং সরকারির গুরুত্বপূর্ণ কার্যালয় সেইফ প্যালেসের সামনে রোববার বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীরা সেদিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ আরব উপসাগর সড়কে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে সহিংসতা শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়। বিরোধী নেতা আবদুল্লাহ আল বারঘাস দাবি করেন, এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। তবে নিরপেক্ষ সূত্রে জানা যায়, ৩০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করে। এএফপি।