কুয়েতের প্রস্তাবিত গণমাধ্যম আইনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের প্রস্তাবিত একটি কঠোর গণমাধ্যম আইনের নিন্দা জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ওই আইনে গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ বাড়বে এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হবে।খসড়া আইনটিতে কোনো ধর্মীয় অপরাধের শাস্তি হিসেবে ১০ বছরের কারাদণ্ড এবং শাসকবিরোধী অপরাধের শাস্তি হিসেবে অন্তত ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ জরিমানার বিধান রয়েছে। কুয়েতের মন্ত্রিসভা গত মাসে ওই খসড়া অনুমোদন করে। তবে প্রধানমন্ত্রী আইনটির ব্যাপারে আরও আলাপ-আলোচনার সিদ্ধান্ত নেন। কুয়েতের সরকারবিরোধী হিসেবে পরিচিত আল-ইউওম টেলিভিশন চ্যানেলের একটি জনপ্রিয় টক শোর প্রচার ইতিমধ্যে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এইচআরডব্লিউ বলেছে, নতুন আইন তথ্য মন্ত্রণালয়কে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দেবে। এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য শাখার পরিচালক সারাহ্ লি হুইটসন বলেন, প্রস্তাবিত আইনটি অবশ্যই পরিমার্জনা করা উচিত। এএফপি।