কূটনৈতিক উপায়ে ক্রিমিয়া সংকটের সমাধানে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিমিয়া নিয়ে উত্তেজনা কমাতে কূটনৈতিক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে এই দুই নেতার মধ্যে টেলিফোনে প্রায় এক ঘণ্টা কথা হয়।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা মস্কোর নেই।
ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষ করার সময় রুশ কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের পর শুক্রবারই প্রথম পুতিন ও ওবামার মধ্যে কথা হলো।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা মার্কিন একটি কূটনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেই পরিকল্পনায় ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন বন্ধ করা, ক্রিমিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার ও ক্রিমিয়ায় রুশ মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো তুলে ধরার কথা বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার বিষয়ে ওবামা ও পুতিন একমত হয়েছেন।
ইউক্রেনে সেনা পাঠাবে না রাশিয়া: ইউক্রেন সীমান্তে ধাপে ধাপে সেনা উপস্থিতি বাড়িয়ে পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করলেও দেশটির অভ্যন্তরে সেনা পাঠানোর পরিকল্পনা নেই রাশিয়ার। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এ কথা জানান।
লাভরভ একটি রুশ টেলিভিশনকে বলেন, ‘ইউক্রেন সীমান্ত অতিক্রম করার মতো কোনো আগ্রহ কিংবা পরিকল্পনা আমাদের নেই।’ তবে ইউক্রেনে রুশ ভাষাভাষীদের অধিকার রক্ষায় তাঁর দেশ সব সময় প্রস্তুত আছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।