অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেই উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে চায় যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের হামলার পরিপ্রেক্ষিতেই শুধু সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ওয়াশিংটনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে গত বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ওই কথাগুলো বলেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর কোরিয়া যুদ্ধের সূচনা ঘটালে যুক্তরাষ্ট্রও মিত্রদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সামরিক পদক্ষেপ নেবে। তিনি বলেন, জাপান, গুয়াম, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তাৎক্ষণিকভাবে তা ভূপাতিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তাঁর দেশের সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। আর চলতি সপ্তাহে ট্রাম্পের রাজনৈতিক কৌশলবিষয়ক উপদেষ্টা স্টিভ ব্যানন এক সাক্ষাৎকারে বলেছেন, সামরিক কোনো পদক্ষেপ নিয়ে উত্তর কোরিয়া ইস্যুর সমাধান সম্ভব নয়। গত সোমবার জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া যদি গুয়ামকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই বসে, তাহলে তখন থেকেই ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ সূচনা ঘটবে।