কৃষ্ণসাগরে আরও একটি রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কৃষ্ণসাগরে আরও একটি রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র৷ গত মঙ্গলবার ওয়াশিংটন জানায়, ঘোষণার পরও ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি মস্কো৷ খবর এএফপি ও রয়টার্সের৷
পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘সেখানে (ইউক্রেন সীমান্তে) হাজারো রুশ সেনা এখনো অবস্থান করছে৷ আমরা সেনা প্রত্যাহারের কোনো ঘটনা ঘটতে দেখিনি৷’
যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো বলেছে, তারা ইউক্রেনের পাশে আছে৷ ইউক্রেন-সংকটের জেরে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিচ্ছে পশ্চিমা বিশ্ব৷
২৫ মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হবে৷ এ নির্বাচন অবজ্ঞা করলে ক্রেমলিনকে অবশ্যই আরও মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷ গতকাল রোমানিয়া সফরকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন৷
এদিকে রোববারের ভোটকে সামনে রেখে কিয়েভের মিত্র পশ্চিমা নেতারা ইউরোপে তুন করে বৈঠকে বসছেন৷ এএফপি৷
পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা:ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী িপ্রন্স চার্লস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্মানির নাৎসি নেতা অ্যাডল্ফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন৷
যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল-এর এক খবরের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা জানায়, বর্তমানে কানাডায় রাজকীয় সফরে আছেন ৬৫ বছর বয়সী চার্লস৷ সেখানকার নোভা স্কশিয়া প্রদেশের হ্যালিফ্যাক্সের একটি জাদুঘরে তাঁর সঙ্গে আলাপ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পোল্যান্ড থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া ইহুদি নারী ম্যারিয়েন ফার্গুসনের৷ ৭৮ বছর বয়সী ওই নারী জাদুঘরটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন৷ তাঁর সঙ্গে আলাপকালে চার্লস বলেন, ইউক্রেনের ব্যাপারে পুতিনের অবস্থান প্রায় হিটলারের মতোই৷
রাজপরিবারের একটি সূত্র জানায়, চার্লস সৎ উদ্দেশ্য নিয়েই রাশিয়া সম্পর্কে ওই মন্তব্য করেছেন৷ তবে তাঁর এ বক্তব্য ব্যক্তিগত৷ তিনি জনসমক্ষে রাজনৈতিক বিবৃতি দেবেন না৷