
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর ইয়ার্ডে ১২ জনকে গুলি করে হত্যাকারী অ্যারন অ্যালেক্সিস (৩৪) নিজেও পুলিশের গুলিতে মারা যান। তিনি নিজেও নৌবাহিনীর সাবেক কর্মী ছিলেন। সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যালেক্সিসের অতীত সমস্যাজর্জরিত ছিল এবং অজ্ঞাত কোনো কারণে তিনি ছিলেন ক্ষুব্ধ।
হামলায় দুজন জড়িত বলে প্রথমে ধারণা করা হলেও তদন্ত শেষে হামলাকারী একজন বলেই নিশ্চিত হয় পুলিশ। ওয়াশিংটনের পুলিশপ্রধান ক্যাথি ল্যানিয়ার বলেন, একমাত্র অ্যারনই ছিলেন হামলাকারী। তিনি একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।
হামলার কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী অ্যালেক্সিস একটি ভবনের বারান্দা থেকে ভেতরের দিকে গুলি ছুড়তে থাকেন। তাঁর কাছে একাধিক অস্ত্র ছিল।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ভ্যালেরি পারল্যাভ বলেন, হামলাকারী অ্যালেক্সিস মার্কিন নৌবাহিনীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিভাগে ঠিকাদার হিসেবে যুক্ত ছিলেন। তাই ওয়াশিংটন নেভি ইয়ার্ডে তাঁর প্রবেশাধিকার ছিল। তাঁর জন্ম নিউইয়র্কে। কৃষ্ণাঙ্গ অ্যালেক্সিস ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত নৌবাহিনীর পূর্ণকালীন চাকরিতে নিযুক্ত ছিলেন।
অ্যালেক্সিস কী কারণে সামরিক বাহিনী ছেড়েছিলেন, তা স্পষ্ট নয়। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সামরিক কর্মকর্তা বলেন, অসদাচরণের একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে নৌবাহিনীতে ঠিকাদার হিসেবে কাজ করার সময় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম সূত্র জানায়, অ্যালেক্সিস বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ২০০৪ সালে এক নির্মাণকর্মীর গাড়ির চাকায় গুলি করার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় মেডিটেশন করতেন বলে পুলিশকে জানিয়েছিলেন। ২০১০ সালে একটি ভবনে নিজের ওপরতলার ফ্ল্যাটের মেঝেতে গুলি করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিচিতজনদের কাছে অ্যালেক্সিস একজন ‘বুদ্ধিদীপ্ত সহূদয় মানুষ’ হিসেবেই পরিচিত ছিলেন। টেক্সাসের যে বৌদ্ধমন্দিরে অ্যালেক্সিসের যাতায়াত ছিল, সেখানকার সন্ন্যাসীদের সহকারী জে সিরান বলেন, তিনি বাইরে থেকে একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ভেতরে ভেতরে তাঁকে খুব আক্রমণাত্মক মনে হলেও মানুষ হত্যায় সক্ষম মনে হয়নি। নৌবাহিনীর ইয়ার্ডে গত সোমবার স্থানীয় সময় সকালে ওই গোলাগুলির ঘটনায় আরও কমপক্ষে আটজন আহত হয়। বিবিসি ও এএফপি।