কে এই মোল্লা ফজলুল্লাহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা ফজলুল্লাহ
মোল্লা ফজলুল্লাহ

মোল্লা ফজলুল্লাহ। পাকিস্তানি তালেবানের (টিটিপি) নতুন প্রধান। কঠিন হূদয়ের মানুষ হিসেবে কুখ্যাতি আছে তাঁর। ধর্ম সম্পর্কে তিনি নিজে যা বোঝেন, তাতে অবিচল। পাকিস্তানে শরিয়া আইন চালু করার জন্য সবকিছু করতেই প্রস্তুত তিনি।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গত সপ্তাহে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ। এরপর গত বৃহস্পতিবার তাঁর উত্তরসূরি নির্বাচিত হয়েছেন ফজলুল্লাহ। উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান দুই বছরের যে কঠোর ও পশ্চাদপদ শাসনব্যবস্থা চালু করেছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই সময়ে কেউ তালেবানের বিধিবিধানের পরিপন্থী কাজ করলে শাস্তিস্বরূপ তাকে জনসমক্ষে চাবুক মারা হতো বা শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করা হতো। এ ছাড়া শত শত স্কুল তখন পুড়িয়ে দেওয়া হয়। ফজলুল্লাহর শাসনামলে সোয়াতের প্রধান শহর মিঙ্গোরার সবুজ চত্বর পরিচিতি পায় ‘রক্তাক্ত চত্বর’ নামে। সেখানে প্রায় প্রতিদিনই শিরশ্ছেদ করা বা গুলিবিদ্ধ মৃতদেহ ঝুলিয়ে রাখা হতো।
ফজলুল্লাহর বয়স এখন ৩৫ থেকে ৩৯ বছর বলে ধারণা করা হয়। জন্মগ্রহণ করেছেন সোয়াতেই। পড়াশোনা করেছেন একটি মাদ্রাসায়। শিক্ষাজীবন শেষে ফজলুল্লাহ চেয়ারলিফটের (ঢালু পর্বতে ওঠানামা করার জন্য চেয়ারে বাঁধা ঝুলন্ত দড়ির পথ) চালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া জ্বালানি কাঠ বিক্রির পেশায়ও নিয়োজিত ছিলেন। একপর্যায়ে তিনি যোগ দেন শ্বশুরের সংগঠন তেহরিক নিফাজ-ই-শরিয়ত-ই-মুহাম্মাদিতে (টিএনএসএম)।
আফগানিস্তানে তালেবানকে ক্ষমতা থেকে হটাতে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী অভিযান শুরু করলে হাজারো পাকিস্তানির মতো ফজলুল্লাহও সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে লড়াইয়ে যোগ দেন। দখলদারদের বিরুদ্ধে ওই লড়াইকে তাঁরা দেখতেন ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে। একসময় পাকিস্তানে ফেরার সময় গ্রেপ্তার হন ফজলুল্লাহ। তবে পরে জামিনে মুক্তি পান। শ্বশুর গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর সোয়াতে টিএনএসএম সংগঠনের প্রধান হন ফজলুল্লাহ।
২০০৬ সালে ফজলুল্লাহ নিজের প্রতিষ্ঠিত বেতারকেন্দ্র থেকে পোলিও টিকা কর্মসূচি ও মেয়েদের শিক্ষাবিরোধী উগ্র বক্তব্য দেওয়া শুরু করেন। তখন ওই বেতারকেন্দ্র পরিচিতি পেয়েছিল ‘মোল্লা রেডিও’ নামে। এরপর ২০০৭ সালে রাজধানী ইসলামাবাদে সেনাদের আলোচিত লাল মসজিদ অভিযানের পর ফজলুল্লাহ তাঁর টিএনএসএমকে সদ্য গঠিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে একীভূত করেন। একসময় পাকিস্তানের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাওয়া জনপ্রিয় পর্যটন এলাকা সোয়াতে ফজলুল্লাহর নিয়ন্ত্রণ ২০০৭ সাল থেকে বাড়তে থাকে। তিনি সেখানে শরিয়া আদালত গঠন করে মানুষকে বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তি দেন।
২০০৯ সালে ১১ বছর বয়সী মালালা ইউসুফজাই তালেবানের নিষ্ঠুরতা নিয়ে বিবিসির উর্দু ওয়েবসাইটে লেখালেখি শুরু করে। গত বছরের অক্টোবর মাসে তাকে হত্যার ব্যর্থ চেষ্টা করে টিটিপি। মালালা প্রাণে বেঁচে গেলেও তালেবানের গুলিতে মারাত্মকভাবে আহত হয়। মাথায় গুলিবিদ্ধ মালালাকে পরে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনার পর বিশ্বব্যাপী চরমপন্থার বিরুদ্ধে এবং মেয়েশিশুদের শিক্ষার পক্ষে সংগ্রামের এক প্রতীকে পরিণত হয় মালালা।
সোয়াতে ফজলুল্লাহর শাসনের ইতি ঘটাতে ২০০৯ সালে অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। তখন অনুসারীদের নিয়ে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে আশ্রয় নেন তিনি। সেখান থেকেই পাকিস্তানে হামলা পরিচালনা অব্যাহত রাখেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন। ২০১২ সালের জুন মাসে ১৭ জন সেনাসদস্যকে জবাই করে হত্যা করে তাঁর অনুসারীরা। পাকিস্তান সরকার ফজলুল্লাহর মাথার দাম ঘোষণা করেছে পাঁচ লাখ ডলার। ডন।