কে কে থাকছেন মোদির মন্ত্রিসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং,  নির্মলা সীতারামন, ভি কে সিং, রবিশঙ্কর প্রসাদ,সুষমা স্বরাজ ও নিতিন গড়কারি
রাজনাথ সিং, নির্মলা সীতারামন, ভি কে সিং, রবিশঙ্কর প্রসাদ,সুষমা স্বরাজ ও নিতিন গড়কারি

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কে কে থাকছেন—তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজ সোমবার সকালে মন্ত্রীদের নামের তালিকা পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এরই মধ্যে বিজেপির অনেক নেতা ফোন পেয়েছেন রাষ্ট্রপতি ভবন থেকে। তাঁরা মন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রোববার সন্ধ্যায় মোদি জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভা হবে ছোট। তবে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এ মন্ত্রিসভায় থাকছেন ২৩ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ১০ জন প্রতিমন্ত্রী (স্বাধীন)।

আজ সকালে যাঁরা রাষ্ট্রপতি ভবন থেকে ফোন পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামন, রবিশঙ্কর প্রসাদ এবং সাবেক সেনাপ্রধান ও বর্তমানে গাজিয়াবাদ থেকে নির্বাচিত লোকসভা সদস্য জেনারেল ভি কে সিং। আজ সকালে এই তিনজন অন্য নেতাদের সঙ্গে গুজরাট ভবনে চা-পান করেন।

এনডিটিভি আরও জানায়, অরুণ জেটলি হতে পারেন অর্থমন্ত্রী। বিজেপির প্রধান রাজনাথ সিং পেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। দলের সাবেক সভাপতি নিতিন গড়কারি অবকাঠামো বা পরিবহনমন্ত্রী হতে পারেন।


সুষমা স্বরাজ প্রধান চারটি মন্ত্রণালয়ের যেকোনো একটির দায়িত্ব পেতে পারেন। এটি পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে পারে।

অন্যদের মধ্যে অনাথ কুমার, মানেকা গান্ধী, ভেঙ্কাইয়া নাইডু এবং স্মৃতি ইরানিও মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মোদির বরাত দিয়ে সূত্র জানায়, ৬৩ বছর বয়সী মোদি একটি ছোট মন্ত্রিসভা চান এবং কোনো মন্ত্রীর বয়সই ৭৫ বছরের বেশি হবে না। জনশ্রুতি আছে, দলের প্রবীণ নেতা এল কে আদভানি লোকসভার স্পিকার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তবে ইন্দোর থেকে আটবার নির্বাচিত সাংসদ বিজেপির সুমিত্রা মহাজনকে দলের পছন্দ।
অরুণ শৌরি হতে পারেন সরকারের প্রধান উপদেষ্টা এবং মুকুল রোহাতগি হতে পারেন অ্যাটর্নি জেনারেল।

নরেন্দ্র মোদির দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ন্যূনতম সরকার ও সর্বোচ্চ শাসন’ নীতিতে তিনি সরকার পরিচালনা করবেন। তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের একত্রীকরণ ও পুনর্বিন্যাস করতে চান।