কারা জিতলে কী ঘটবে

ইউরোপের ২৮টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য থাকবে কি থাকবে না—তা নিয়ে গণভোট হয়ে গেল গতকাল বৃহস্পতিবার। গত বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সময় ডেভিড ক্যামেরনের দেওয়া প্রতিশ্রুতির কারণেই এই নির্বাচন। এ গণভোট নিয়ে যুক্তরাজ্য শুধু নয়, সারা বিশ্বে যেন দেখা দেয় বিভক্তি। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে ‘হ্যাঁ’ বা ‘না’ যা-ই জিতুক না কেন, তাতে যুক্তরাজ্য বা ইইউতে কোন কোন পরিবর্তন আসবে।
গণভোটে ইইউ ত্যাগের পক্ষে ভোট পড়লে যুক্তরাজ্য যদি ইইউ ছাড়ে, তবে প্রথম কোনো দেশ এ জোট ত্যাগ করবে। এর ফলে অভিবাসন, অর্থনৈতিক সংকট এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকিতে থাকা ইউরোপের জন্য এটি হবে একটি অশনি সংকেত। আবার যুক্তরাজ্য যদি থেকেও যায়, তারপরও এই গণভোটের মধ্য দিয়ে ইতিমধ্যে যে বিভক্তির ছায়া পড়েছে, তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া ঐক্যবদ্ধ ইউরোপের স্বপ্নে চিড় ধরবে।
যুক্তরাজ্য ইইউ ছাড়লে জোটটি যে বড় বাস্তব সমস্যার মুখোমুখি হবে তা হলো, কোনো সংকটে পড়লে তা থেকে উত্তরণে কোনো অভিন্ন সমাধানে পৌঁছাতে বেগ পেতে হবে।
ইউরোপের আরও দুই বড় শক্তি ফ্রান্স ও জার্মানি এই গণভোটের পর ‘ইউরোপব্যাপী উদ্যোগের’ ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্য যদি ইইউতে থেকে যায়, তবে ইইউর বড় ধরনের সংস্কার সাধন করতেই হবে, এ কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগেই বলে দিয়েছেন। গত বুধবার তিনি বলেন, ‘২৩ জুনই সংস্কার শেষ হবে না। সংস্কারের জন্য কণ্ঠ আরও উচ্চকিত হবে। কারণ আমাদের গণভোটের রায় থাকবে।’
প্রশ্ন উঠেছে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করলে ইইউভুক্ত অন্য দেশে কাজ করতে গেলে যুক্তরাজ্যের নাগরিকদের কি বিশেষ অনুমতির দরকার হবে? এর উত্তর হলো, বের হয়ে যাওয়ার পর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের নতুন চুক্তির ওপরই তা নির্ভর করছে। যদি একক বাজারব্যবস্থা টিকে থাকে, তবে নিশ্চিতভাবেই যুক্তরাজ্যের নাগরিকেরা অন্য দেশগুলোতে সরাসরি যেতে পারবেন।
আবার বিপরীত দিকে ইইউভুক্ত অন্য দেশের নাগরিকেরাও কাজ করতে যুক্তরাজ্যে আসতে পারবেন কি না, তাও নির্ভর করবে সম্ভাব্য চুক্তির পর। যদি যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষেই ভোট পড়ে, এরপরও তা কার্যকর হতে অন্তত দুই বছর সময় লাগবে। এ সময়ে যুক্তরাজ্য ইইউর নীতিমালা ও আইন মেনে চলবে। তবে এ জোটের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় থাকবে না দেশটি।
যুক্তরাজ্য ইইউতে থেকে গেলে মুদ্রা হিসেবে পাউন্ড না ইউরো চালু হবে, তা নির্ভর করছে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের ওপর। প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে ইইউর চুক্তিতে যুক্তরাজ্যে ইউরো চালু করার কোনো সম্ভাবনা নেই।