কেউ আমাকে পদত্যাগ করতে বলেনি: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, কেউ তাঁকে ক্ষমতা থেকে সরে যেতে বলেনি। তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন। গত শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।আগে থেকে ধারণ করা জারদারির সাক্ষাৎকার জিও টেলিভিশনে প্রচার করা হয়। এতে তাঁকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। গত মাসে তিনি সংযুক্ত আরব-আমিরাত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।পাকিস্তানের শীর্ষ স্থানীয় সেনা ও গোয়েন্দা কর্ম-কর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা চেয়ে ‘গোপন চিঠি’র বিষয়টি ফাঁস হওয়ার পর সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। এমন পরিস্থিতিতে সাক্ষাৎকারে এ কথা বলেন জারদারি।প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘এখনো কেউ আমাকে পদত্যাগ করতে বলেনি। কেউ এটা বললে আমি আপনাদের (গণমাধ্যম) জানাব।’ আপনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলা হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘এটা কেন হবে?’ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পাকিস্তান থেকে ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে জারদারি বলেন, ওই পথ পুনরায় খুলে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত পার্লামেন্টে নেওয়া হবে।সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের রাজনীতিকে দাতা-ভিত্তিক রাজনীতি বলে আখ্যা দিয়ে জারদারি বলেন, ‘তাঁর রাজনীতি নিয়ে আমার অভিযোগ রয়েছে। তা হলো, ৯৬ শতাংশ পুরোনো মুখ নিয়ে তিনি কীভাবে পরিবর্তন আনবেন? যারা এরই মধ্যে পাঁচ থেকে ছয়টি দল বদল করে ফেলেছেন, তাঁদের দিয়ে পরিবর্তন আনা সম্ভব?’ শাহ মেহমুদ কোরেশির পিপিপি ছেড়ে ইমরানের সঙ্গে যোগ দেওয়া প্রসঙ্গে জারদারি বলেন, শাহ মেহমুদ প্রধানমন্ত্রী হিসেবে ইউসুফ রাজা গিলানিকে মেনে নিতে পারছিলেন না। ডন নিউজ।