কেউ চাইলেই রাষ্ট্রপতি হতে পারবেন না: প্রণব
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় গতকাল শনিবার বলেছেন, কেউ নিজের ইচ্ছায় রাষ্ট্রপতি হতে পারবেন না। দলীয় মনোনয়নে কে রাষ্ট্রপতি পদে নির্বাচন করবেন, তা দলই ঠিক করবে।কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) একটি সূত্র জানায়, দলীয় প্রধান সোনিয়া গান্ধী ঠিক করবেন দলের মনোনীত ব্যক্তি হিসেবে কে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সোনিয়া গান্ধীকে সেই দায়িত্ব দিয়েছে। ধারণা করা হচ্ছে, ১৫ জুনের মধ্যেই সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি পদের জন্য কংগ্রেসের মনোনীত ব্যক্তির নাম প্রকাশ করবেন।কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল নর্থ ব্লক অফিসে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন।একটি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের নিজেদের মনোনীত প্রার্থীর পক্ষে ডিএমকে, এনসিপি ও আরএলডির সমর্থন ইতিমধ্যে নিশ্চিত করেছে কংগ্রেস। এই দলগুলোর সরকারে প্রতিনিধিত্ব রয়েছে। সরকারের প্রতিনিধিত্ব না থাকা দল সমাজবাদী পার্টির সমর্থনও নিশ্চিত করেছে কংগ্রেস। আর ইউপিএ জোটে থাকা তৃণমূল কংগ্রেসও কংগ্রেস প্রার্থীর বিরোধিতা করবে না বলে ধারণা করা হচ্ছে।পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আগামী বছর অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রণব মুখোপাধ্যায় কোনো মন্তব্য করতে রাজি হননি। পিটিআই অনলাইন।