কেউ ২৭২ আসন না পেলে কী করবেন রাষ্ট্রপতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

ভারতের লোকসভা নির্বাচনে কেউ এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে৷ আর যদি তা-ই হয়, তা হলে বেশি আসন পাওয়া দলকে সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২ আসন আছে দেখাতে অন্য দলগুলোর লিখিত সমর্থনপত্র হাজির করতে হবে৷ তার আগ পর্যন্ত সরকার গঠনে কাউকে আহ্বান নাও জানাতে পারেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷
ঝুলন্ত পার্লামেন্ট হলে একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য কে সবচেয়ে উপযোগী হতে পারে, তা নিয়ে এখন বিভিন্ন মহলের সঙ্গে নিবিড়ভাবে পরামর্শ করছেন রাষ্ট্রপতি প্রণব৷ এ পর্যন্ত পর্যালোচনায় তিনি সম্ভবত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সরকার গঠন করতে ইচ্ছা যারাই পোষণ করুক না কেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের প্রমাণপত্র হিসেবে আগে তাদেরকে নির্বাচন-পরবর্তী মিত্রদের কাছ থেকে লিখিত সমর্থন হাজির করতে হবে৷
সূত্র জানায়, ‘রাষ্ট্রপতি প্রণব নিশ্চিত করতে চান, যারাই সরকার গঠন করতে চায়, তারা যেন পার্লামেন্টে নিরঙ্কুশ সমর্থনের সুবিধা ভোগ করতে পারে৷’ প্রণবকে পরামর্শ দেওয়া হয়েছে, একটি পদক্ষেপই কেবল এই বিষয়টি নিশ্চিত করতে পারে৷ তা হলো নির্বাচন-পরবর্তী মিত্রদের কাছ থেকে লিখিত সমর্থন জোগাড় করা৷
১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করলেও রাজীব গান্ধী সরকার গঠন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন৷ একপর্যায়ে তৎকালীন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন জনতা দলের নেতা ভি পি সিংকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ জনতা দল কংগ্রেসের চেয়ে কম আসন পেলেও সরকার গঠনে প্রয়োজনীয়সংখ্যক আসন দেখাতে সক্ষম হয়েছিল৷ এই নজির অনুসরণ করা হয়েছিল ১৯৯৬ সালের নির্বাচনের পরও৷ তৎকালীন রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মা অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ মাত্র ১৬১ আসন পাওয়া বিজেপি এতে বিস্মিত হলেও সুযোগটি হাতছাড়া করেনি৷
দুই বছর পর বাজপেিয়র নেতৃত্বে বিজেপি জোট মোট আসন ২৭২-এর বেশি পেয়েছিল৷ এর পরও তৎকালীন প্রেসিডেন্ট কে আর নারায়ণন বিজেপিকে অন্য দলগুলোর কাছ থেকে নির্বাচন-পরবর্তী সমর্থনের বিষয়ে লিখিত আনতে বলেছিলেন৷
বর্তমান রাষ্ট্রপতি প্রণবের এ ধরনের উদ্যোগ প্রসঙ্গে ভারতের সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি জে সোরাবজি বলেন, ‘সরকার গঠনে আমন্ত্রণ জানানোর আগেই প্রেসিডেন্টের লোকসভায় কোনো দল বা জোটের শক্তিমত্তা পরীক্ষা করার দরকার নেই৷ শক্তির পরীক্ষা হবে পার্লামেন্টে, রাষ্ট্রপতি ভবনে নয়৷ যদিও এ ধরনের লিখিত সমর্থন চাওয়ার ক্ষেত্রে সাংবিধানিকভাবে কোনো বাধা নেই, তার পরও শুনতে এটাকে কিছুটা অনৈতিক দাবির মতো লাগে৷’ টাইমস অব ইন্ডিয়া৷