কেজরিওয়ালের দুঃখপ্রকাশ, আবার সরকার গঠনের প্রস্তুতি

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে মাত্র ৪৯ দিনের মাথায় আকস্মিক পদত্যাগ করার কারণে আজ বুধবার দিল্লির জনগণের কাছে দুঃখপ্রকাশ করেছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে দিল্লির নির্বাচনে যাওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) নাজীব জাংয়ের সঙ্গে বৈঠকের ঠিক এক দিন পর জনগণের কাছে দুঃখপ্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে নাজীবের কাছে আবার সরকার গঠনের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন।
এএপি প্রধান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। আমরা সব মানুষের কাছাকাছি যেতে চাই। পরবর্তী সাত থেকে ১০ দিনের মধ্যে দিল্লিতে আমরা বেশ কয়েকটি বৈঠক করব। আনুষ্ঠানিকভাবে দিল্লির জনগণের কাছে দুঃখপ্রকাশ করব। জনগণের পূর্ণ সমর্থন নিয়ে আগামী পাঁচ বছরের জন্য পূর্ণাঙ্গ সরকার গঠন করব।’
কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকার ৪৯ দিন পর গত ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। আম আদমি পার্টির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ‘লেফটেন্যান্ট গভর্নর (এলজি) নাজীব জাংকে বলেছি, আমরা দিল্লিতে সরকার গঠন করতে চাই। অ্যাসেম্বলি ভেঙে না দেওয়ার জন্য আমরা তাঁকে অনুরোধ করেছি। এ জন্য দুই সপ্তাহের সময়ও চাওয়া হয়েছে তাঁর কাছে।’
দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি ২৮টি আসনে জয়ী হয়েছিল। পরে আটটি আসনে জয়ী কংগ্রেসের সমর্থন নিয়ে ২০১৩ সালে দিল্লিতে সরকার গঠন করে এএপি। তবে দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছেন, এবারে কংগ্রেস আর এএপিকে সমর্থন দেবে না।