কেজরিওয়ালকে আটকের পর বিভিন্ন শহরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

গুজরাটের পুলিশ গতকাল বুধবার আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাধানপুর শহরে প্রায় আধা ঘণ্টা আটকে রাখে। এ ঘটনার জের ধরে বিভিন্ন শহরে এএপির সমর্থকেরা বিজেপির কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কথিত আদর্শ রাজ্য পরিদর্শনে চার দিনের সফরে গতকাল গুজরাট গেছেন কেজরিওয়াল।
বহরে থাকা গাড়ির সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে কেজরিওয়ালকে কর্মকর্তারা থামিয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়ার পর দিল্লি, লক্ষেৗ, ঝাঁসি, কানপুর, এলাহাবাদ প্রভৃতি স্থানে বিজেপির কার্যালয় ঘেরাও করেন এএপির স্বেছাসেবকেরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কিছু লোক আহত হন।
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার দিনই এমন সহিংস ঘটনা ঘটল।
ঘটনার পর কেজরিওয়াল তাঁর সমর্থক ও স্বেচ্ছাসেবকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জীবন বিলিয়ে দাও, তবু হাত তুলো না।’
সহিংস ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কেজরিওয়াল। এ ছাড়া তিনি মোদির প্রতি ইঙ্গিত করে বলেছেন, তাঁকে আটক করার আদেশটি সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে। তিনি বলেন, তাঁকে আটক করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে মোদি ভীত হয়ে পড়েছেন।