কেজরিওয়ালকে উকিল নোটিশ
‘অসৎ’ রাজনীতিকদের কাছ থেকে এবার উকিল নোটিশ পেতে শুরু করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর ফলে এখন কেজরিওয়ালকে হয় ক্ষমা চাইতে হবে, নয়তো মানহানি মামলা মোকাবিলা করতে হবে।
শুক্রবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর বিভিন্ন দলের একাধিক নেতাকে অসৎ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল। গতকাল শনিবার বিজেপির সাবেক সভাপতি নীতিন গড়কড়ি ও কংগ্রেসের জাহাজমন্ত্রী জি কে ভাসান দিল্লির মুখ্যমন্ত্রীকে উকিল নোটিশ পাঠান। দুটি নোটিশের মূল বক্তব্য মোটামুটি এক নাম প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করো, নয়তো মামলা সামলাও।
নীতিন গড়কড়ির চিঠিতে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর অভিযোগ শুধু অসত্য, বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীনই নয়, এটা মাননীয় জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত। নীতিন তিন দিনের মধ্যে কেজরিওয়ালকে দুঃখ প্রকাশ করতে বলেছেন। না হলে মামলা।
কংগ্রেসের মন্ত্রী কপিল সিবাল অবশ্য মামলার চিঠি পাঠাননি। শনিবার তিনি জানিয়েছেন, অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীরই। অভিযোগ প্রমাণিত হলে মন্ত্রী পদে তিনি ইস্তফা তো দেবেনই, রাজনীতি পর্যন্ত ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কপিল সিবাল। রাহুল গান্ধীসহ বহু রাজনীতিককে কেজরিওয়াল অসত্ আখ্যা দিয়েছেন। কতজন শেষ পর্যন্ত তাঁকে মামলায় জড়ান তা আগ্রহের সঞ্চার করেছে।