কেজরিওয়ালকে ভোট দেবেন না আন্না
ভারতের প্রবীণ সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে তাঁর সাবেক সহকর্মী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘আম আদমি পার্টি’কে ভোট না দেওয়ার জন্য বলেছেন। কারণ তিনি মনে করেন কেজরিওয়াল ‘ক্ষমতালোভী’ হয়ে পড়েছেন। ৭৫ বছর বয়সী হাজারে তাঁর সাবেক সহযোগী কেজরিওয়াল ক্ষমতালোভী হয়ে পড়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিষয়টি সঠিক। ভোট দেওয়ার ব্যাপারে মনঃস্থির করেছিলাম; কিন্তু এখন ব্যাপারটা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ কেজরিওয়ালের দলটি এখন অর্থ ও ক্ষমতার পথে অগ্রসর হচ্ছে। তাঁকে নিঃস্বার্থ বলেই মনে করতাম। জানি না, কীভাবে তাঁর মাথায় রাজনীতিতে যোগদানের চিন্তা এল।’হাজারে বলেন, তাঁরা স্বাধীন ভারতে প্রথমবারের মতো গোটা ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলনটি সফল হওয়ার সুযোগ ছিল। কিন্তু তা অসম্পূর্ণ রয়ে গেল। সাফল্যের জন্য বাবা রামদেব ও অরবিন্দসহ সবাইকে একযোগে লড়াই করতে হবে। অরবিন্দ ভুল পথে চলে গেছেন। টাইমস অব ইন্ডিয়া।