কেজরিওয়ালের প্রস্তাব নাকচ সিন্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও অরবিন্দ কেজরিওয়াল
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) প্রধান পদে নিয়োগ নিয়ে আম আদমি পার্টি ও ক্ষমতাসীন কংগ্রেসের টানাপোড়েনের আরও অবনতি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পছন্দের কর্মকর্তাকে ওই পদে নিয়োগের বিষয়টি নাকচ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে।
আজ শুক্রবার প্রভাবশালী একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে জি নিউজের খবরে এ কথা জানানো হয়।
শুরুতে এপিপির প্রধান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের প্রস্তাব অনুযায়ী ওই পদে জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা প্রবীর রঞ্জনকে নিয়োগ দিতে রাজি হলেও এখন সরে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে দিল্লির সরকারের দুর্নীতি দমন ব্যুরোর জন্য রঞ্জনকে মনোনীত করলেও সম্প্রতি দিল্লির পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করার দাবিতে এপিপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্বের কারণে আচমকা এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
সম্প্রতি দিল্লির পুলিশের নিয়ন্ত্রণ এপিপি সরকারের হাতে ছেড়ে দেওয়ার জন্য কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধেকে চাপ দেন। এ সময় তিনি সিন্ধের কঠোর সমালোচনা করেন। কেজরিওয়ালের অভিযোগ, পুলিশ সদস্যদের পছন্দমতো জায়গায় বদলির জন্য সিন্ধে তাঁদের কাছ থেকে ঘুষ নেন।

 সিন্ধেও কেজরিওয়ালকে ছেড়ে কথা বলেননি। তিনি কেজরিওয়ালকে ‘পাগলা মুখ্যমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রভাবশালী ওই ইংরেজি দৈনিক পত্রিকার বরাত দিয়ে আরও বলা হয়, ২০১০ সালে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত এবং তাঁর মন্ত্রীদের জড়িত থাকার বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে এপিপি সরকার। এর পরই প্রবীর রঞ্জনকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।