কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা
ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে হট্টগোল সৃষ্টির অভিযোগে মুম্বাই বিমানবন্দর পুলিশ অরবিন্দের নামে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) নথিভুক্ত করে।
এ ছাড়া এএপির শীর্ষ নেতা-কর্মীদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বিমানবন্দর থানার পুলিশের কর্মকর্তা সুখদেব চ্যাভেন এই মামলা করেন। পুলিশ ৪৫ বছর বয়সী কেজরিওয়াল ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে ‘অবাধ্যতা’ ও ‘আইনবহির্ভূত’ সমাবেশ করার অভিযোগ করেছে। তবে কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মহারাষ্ট্রে তিন দিনের এক রোড শো চলাকালে এএপির নেতারা অবাধ্য আচরণ প্রদর্শন ও আইনবহির্ভূত ওই সমাবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে এ রোড শোর আয়োজন করে এএপি। গতকাল ছিল শোভাযাত্রার দ্বিতীয় দিন।
এর আগে গত বুধবার কেজরিওয়াল ও সফরসঙ্গীদের বহনকারী অটোরিকশাচালককে জরিমানা করে মুম্বাই পুলিশ। অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী বহন করে মোটরযান আইন ভঙ্গ করার দায়ে ওই চালককে জরিমানা করা হয়। বিমানবন্দর থেকে অটোরিকশায় করে আন্ধেরি রেলওয়ে স্টেশনে যান তাঁরা। পিটিআই, এনডিটিভি।