কেজরিওয়ালের সঙ্গে ভোজ করতে চাইলে...
২০ হাজার রুপি খরচ করলে ভারতের দুর্নীতিবিরোধী নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ভোজ ও আলাপ করা যাবে। দলীয় তহবিল সংগ্রহের জন্য ভারতে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের একটি হোটেলে আগামী ১৫ মার্চ ওই ভোজ অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রণ পাবেন প্রায় ২০০ জন। আর তাঁদের মধ্যে থাকবেন প্রযুক্তি, বিনিয়োগকারী এবং বেসরকারি পর্যায়ে কর্মরত ব্যক্তিরা। কেজরিওয়াল এতে এক ঘণ্টা সময় দেবেন।
পশ্চিমা বিশ্বে তহবিল সংগ্রহের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো অর্থের বিনিময়ে ভোজের আয়োজন করে থাকে। ভারতের নতুন যুগের রাজনৈতিক দল এএপির এর মাধ্যমে অন্তত ৪০ লাখ রুপি সংগ্রহের আশা করছে।
প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনফয়েস পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও বর্তমানে এএপির নেতা ভি বালাকৃষ্ণন বলেন, এই ভোজে অংশগ্রহণকারীরা কেজরিওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা করতে পারবেন। প্রকাশ্য উৎস থেকে সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে এএপি এ ধরনের রীতি পাল্টাতে চাইছে। টাইমস অব ইন্ডিয়া।