কেজরিওয়ালের সমস্যার শুরু আজ থেকেই
শপথ গ্রহণের আগে থেকেই সমস্যা শুরু হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাওয়া অরবিন্দ কেজরিওয়ালের। আজ শনিবার রামলীলা ময়দানে ‘জনতার একজন’ হিসেবে শপথ নেওয়ার পরেই তাঁকে মাথা ঘামাতে হবে গ্যাসের মূল্যবৃদ্ধি মোকাবিলা করা নিয়ে। কারণ, গতকাল আচমকাই সিএনজি ও পাইপবাহিত রান্নার গ্যাসের দাম কেজিপ্রতি সাড়ে চার রুপি বাড়িয়ে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ীই গ্যাসের এ দাম বাড়ানোর সিদ্ধান্ত—এ কথা দাবি করা হলেও এ নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। বিশেষ করে ক্ষুব্ধ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। কারণ, রাজধানীতে সব অটোরিকশাই সিএনজিতে চলে এবং অটোরিকশার চালকদের অধিকাংশ ইউনিয়নই গত নির্বাচনে এএপিকে বিপুলভাবে সমর্থন জানিয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে বিস্মিত ও ক্ষুব্ধ কেজরিওয়াল তাই এ সিদ্ধান্তের মধ্যে চক্রান্তের একটা প্রচ্ছন্ন ছাপ দেখতে পাচ্ছেন। দিল্লির পূর্বে উত্তর প্রদেশের গাজিয়াবাদের কৌসাম্বিতে নিজের দুই কামরার ফ্ল্যাটের বাইরে সমর্থকদের মাঝে দাঁড়িয়ে শুক্রবার তিনি বলেন, ‘শপথ গ্রহণের ঠিক এক দিন আগে এত দাম কেন বাড়ানো হলো সেটাই আশ্চর্যের বিষয়। কেউ যদি এর পেছনে চক্রান্তের গন্ধ পায়, তাহলে তাকে দোষ দেওয়া যাবে না।’ হবু মুখ্যমন্ত্রী জানান, শপথ গ্রহণের পর প্রথম কাজই হবে এ সিএনজির দাম বাড়ানোর বিষয়টি দেখা।
গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার সিএনজির দাম বাড়ানো হলো। এবং এবার এক ধাক্কায় সাড়ে চার টাকা। আগেরবার অটোরিকশার ভাড়া বাড়ানো হয়নি। এবার ভাড়া না বাড়িয়ে উপায় নেই। অটোরিকশার চালকেরা ইতিমধ্যে সেই দাবি জানিয়ে রেখেছেন। এএপির সমর্থক হওয়ায় ধর্মঘট বা হরতালের ডাক তাঁরা এখনো দেননি। অন্যদিকে ভাড়া বাড়ালে সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে। অর্থাৎ, নতুন মুখ্যমন্ত্রীর কাছে এ মূল্যবৃদ্ধি শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় আজ রামলীলা ময়দানে শপথ নিতে যাবেন কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার ছয় সদস্য। মন্ত্রীরা কেউই গাড়ি হাঁকিয়ে আসবেন না। আসবেন মেট্রোরেলে চেপে। পরিবারের ঘনিষ্ঠজনেরাও বসবেন সাধারণ দর্শকের আসনে। এএপির প্রথম অঙ্গীকারই তো রাজধানীতে ‘ভিআইপি কালচার’-এর অবসান ঘটানো।
শপথ গ্রহণের পরেই কেজরিওয়ালেরা সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন। ছুটির দিনেও তাঁরা সরকারি কাজ করবেন বলে প্রাথমিকভাবে ঠিক করেছেন। নতুন সরকারের লক্ষ্য বিনা পয়সায় পরিবারপ্রতি ৭০০ লিটার পানীয় জল সরবরাহ, দিল্লি জল বোর্ডের ‘মাফিয়ারাজ’ বন্ধ, বিদ্যুতের বিলের চাপ ৫০ শতাংশ কমানো, ৫০০ সরকারি স্কুল খোলা, সরকারি হাসপাতাল তৈরি ও উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং জন লোকপাল বিল আনা। ৩ জানুয়ারি তাঁদের আস্থা ভোট নিতে হবে। এএপিকে সমর্থন দেওয়া নিয়ে কংগ্রেসে ইতিমধ্যেই দ্বিমত দেখা গেছে। মাস তিনেক সমর্থন তাঁরা পাবেন বলে কেজরিওয়ালেরা মনে করছেন। এ সময়ের মধ্যে আদৌ কিছু করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।