কেটের অনন্য অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের বাগদত্তা কেট মিডলটন তাঁদের বিয়ের অতিথিদের নিপীড়নবিরোধী দাতব্য খাতে দান করার অনুরোধ জানিয়েছেন। শৈশবে বিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা যে তাঁকে খেপাতেন, কেটের এই অনুরোধে যেন তারই মৌন স্বীকারোক্তি মিলেছে। এর আগে কেটের শৈশবের বন্ধুরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছোটবেলায় ডাউন হাউস প্রাইভেট স্কুলে পড়ার সময় কেটকে অনেক কটুবাক্য হজম করতে হয়েছে। বাড়িটি ছিল তাঁদের বার্কশায়ারের বাড়ি থেকে মাত্র কয়েক মাইল দূরে। এ জ্বালা সইতে না পেরে ১৩ বছর বয়সে তাঁকে স্কুল ছাড়তে হয়েছিল। পরে ১৯৯৬ সালের এপ্রিলে তাঁর বাবা-মা তাঁকে মার্লবোরো কলেজে ভর্তি করে দেন। এ ব্যাপারে কেটের সহপাঠী জেসিকা হে এক সাক্ষাৎকারে বলেন, ‘ওই স্কুলে খুব নাজেহাল হতে হয়েছে কেটকে। তখন ওকে খুব ফ্যাকাশে দেখাত। আত্মবিশ্বাস বলে কিছু ছিল না।’ছোটবেলার সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে কেট তাঁর বিয়ের অতিথিদের বুলিংয়ের মতো বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার অনুরোধ করেছেন। বুলিং যুক্তরাজ্যের এমন এক দাতব্য সংস্থা, যারা স্কুল ও বিভিন্ন এলাকায় নিন্দা ও নিপীড়নের ঘটনা মোকাবিলায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ ও সহযোগিতা করে থাকে। উইলিয়াম ও কেট এর মধ্যে গত বুধবার তাঁদের আসন্ন বিয়ের এক হাজার ৯০০ অতিথি ও হাজার হাজার শুভাকাঙ্ক্ষীকে বাছাই করা ২৬টি দাতব্য সংস্থার যেকোনোটিতে দান করার কথা বলেছেন। এর মধ্যে বুলিং রয়েছে ওই নিপীড়নবিরোধী ভূমিকায়। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, রাজপরিবারের ওই জুটির সঙ্গে এখনো তাঁদের সরাসরি যোগাযোগ হয়নি। তবে পৃষ্ঠপোষক হতে কেটকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ডেইলি মেইল অনলাইন।