কেদারনাথের পর বদ্রীনাথে তীর্থযাত্রী উদ্ধার চলছে
ভারতে ভয়াবহ বন্যাকবলিত উত্তরাখন্ড রাজ্যে উদ্ধার অভিযান গতকাল রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিঘ্নিত হয়। কেদারনাথ উপত্যকায় আটক তীর্থযাত্রীদের সবাইকে সরিয়ে নেওয়ার পর এখন বদ্রীনাথে আটক সাত থেকে আট হাজার তীর্থযাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।পার্বত্য এলাকাগুলোতে এখনো অন্তত ২২ হাজার তীর্থযাত্রী আটকা পড়ে আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রুদ্রপ্রয়াগ, চামোলি ও উত্তরাক্ষী জেলা থেকে প্রায় ৭০ হাজার তীর্থযাত্রীকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাঁরা হিমালয় এলাকার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী তীর্থক্ষেত্রে যাচ্ছিলেন। উদ্ধার তৎপরতায় অন্তত ৪০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং ১০ হাজার সেনা তৎপর রয়েছে। রাজ্যের দেরাদুন ও যোশীমঠ এলাকায় গতকাল সকালে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সরকারি কর্মকর্তারা বলেন, এক ঘণ্টা পর মেঘ কেটে যায় এবং উদ্ধার কার্যক্রম আবার শুরু করা হয়। বেশ কয়েকটি বড় সড়ক মেরামত করা হয়েছে এবং দুর্গত ব্যক্তিদের স্থানান্তর-প্রক্রিয়া শিগগিরই দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে। বদ্রীনাথের তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য গাওচর এলাকায় পায়ে চলার উপযোগী প্রায় ৫০ কিলোমিটার পথ তৈরি করা হচ্ছে। এ ছাড়া কেদারনাথের কাছাকাছি গৌরীগাঁও ও রামবাডায় দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে।ভয়াবহ এ দুর্যোগে গত শনিবার পর্যন্ত ৬৭৩টি লাশ উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা বলেছেন, মৃতের সংখ্যা হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।