কেনসিংটন প্যালেসে কাটল নতুন অতিথির প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম এবং কেট দম্পতি তাঁদের সদ্যোজাত মেয়েসন্তানকে নিয়ে গতকাল রোববার প্রথম দিন কাটালেন কেনসিংটন প্যালেসে। পরিবারের এ নতুন অতিথিকে নিয়ে উইলিয়াম-কেট গত শনিবারই হাসপাতাল ছাড়েন। খবর এএফপির।
প্রথম ছেলে প্রায় দুই বছর বয়সী প্রিন্স জর্জ আর নতুন মেয়েশিশুকে নিয়ে উইলিয়াম-কেট কেনসিংটনে আরও কয়েকটি দিন কাটাবেন। সেন্ট্রাল লন্ডনের সেন্ট মেরি’স হাসপাতালে রাজপরিবারের নতুন অতিথির জন্ম হয়। উইলিয়াম দম্পতি তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময় শত শত উৎফুল্ল মানুষ হর্ষধ্বনি দেন। এ দৃশ্য ধারণ করতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন দেশ-বিদেশের নানা গণমাধ্যমের আলোকচিত্রীরা।মা কেটের কোলে নরম উলের শালে জড়ানো ছিল ঘুমন্ত শিশুটি।
নতুন রাজকন্যার নাম এখনো রাখা হয়নি। তার নাম কী হবে তা জানতে পুরো যুক্তরাজ্য এখন অপেক্ষা করছে। এ পর্যন্ত চারজন স্বজন নবজাতককে দেখতে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে আছেন কেটের বাবা-মা মাইকেল এবং ক্যারল মিডলটন, প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী কেমিলা পার্কার। উইলিয়ামের দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপ নতুন অতিথির মুখ দেখতে শিগগিরই যাবেন।