কেনিয়ায় নিহত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার রাজধানী নাইরোবির বিপণিবিতানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের শেষকৃত্যানুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদিকে আন্তর্জাতিক ফরেনসিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বিপণিবিতানের ধ্বংসস্তূপে মৃতদেহ ও সম্ভাব্য সূত্রের জন্য তল্লাশি অব্যাহত রেখেছেন।
জঙ্গি ইসলামপন্থী সংগঠন আল-শাবাবের সশস্ত্র সদস্যরা গত শনিবার নাইরোবির অভিজাত বিপণিবিতান ওয়েস্টগেটে ঢুকে তাণ্ডব শুরু করে। চার দিন পর বিপণিবিতানটি জঙ্গিমুক্ত করা হয়। এ সময়ের মধ্যে কয়েকজন বিদেশি ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৭ জন নিহত হয়। এ ঘটনায় পাঁচ জঙ্গিও নিহত এবং ১১ জঙ্গি গ্রেপ্তার হয়েছে।
গতকালের শেষকৃত্যানুষ্ঠানে সব ধর্মের দুই হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। কেনিয়ায় তিন দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।
সেই শ্বেতাঙ্গ বিধবা: গত বুধবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপণিবিতানে হামলায় জড়িত বলে সন্দেহভাজন ব্রিটিশ সেই ‘শ্বেতাঙ্গ বিধবা’ দক্ষিণ আফ্রিকায় বাড়ি ভাড়া করেছিলেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিতে ও জোহানেসবার্গে কয়েকটি বাড়ি ভাড়া নিতে দক্ষিণ আফ্রিকার পরিচয় ব্যবহার করেছিলেন। সামান্থা লেওথওয়েট নামের ওই ব্রিটিশ নারী জোহানেসবার্গে অন্তত তিনটি বাড়ি ভাড়া নিয়েছিলেন।
আবার হামলা: কেনিয়া-সোমালিয়া সীমান্তের কাছাকাছি মান্ডেরা শহরে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ সদস্যদের বাড়িতে ওই হামলা চালানো হয়।
হামলাকারীরা সরাসরি পুলিশ কর্মকর্তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তারপর অন্তত ২০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ কর্মকর্তা চার্লটন মুরেইথি বলেন, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। ভয়াবহ ওই হামলায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্যরাতের ওই হামলার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। এএফপি।