কেনিয়ায় বিপণি বিতানে হামলায় নিহত ৩০
কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতকাল শনিবার একটি বিপণিকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকতে পারে। জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনার কিছুক্ষণ পর বার্তা সংস্থাকে বলেন, ‘বিপণিবিতানের পেছন দিকে বিভিন্ন স্থানে ১৩টি লাশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। এছাড়া ওপরের তলাগুলোতে আরও লাশ রয়েছে বলে আমার সহকর্মীরা জানিয়েছেন।’
নাইরোবির সবচেয়ে অভিজাত বিপনীকেন্দ্রগুলোর একটি ওয়েস্টগেট সেন্টারে এ ঘটনা ঘটে। রক্তক্ষয়ী এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। কেনীয় রেডক্রস বেশ কিছুসংখ্যক লোক আহত হয়েছে জানিয়ে রক্তদানের আহ্বান জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব মুতেঙ্গা ইরিঙ্গো বলেন, ‘এটি একটি সন্ত্রাসবাদী হামলা। কাজেই আমরা একে খুব গুরুত্বের সঙ্গে দেখছি।’
হামলাকারীদের কাবু করতে বিদেশি কোনো নিরাপত্তা সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হলে সচিব বলেন, এ মুহূর্তে তার প্রয়োজন নেই।
আগের খবরে আরেকজন পুলিশ কর্মকর্তা বলেছিলেন, একদল সশস্ত্র লোক দোকানে ডাকাতি করার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। ডাকাতরা অন্তত সাতজনকে জিম্মি করে। ক্রেতারা যে যেমন পারে পালালেও কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকা পড়েছেন। সিএনএন, রয়টার্স ও এএফপি।