কেনিয়ার বিপণিবিতানে আজও গুলি ও বিস্ফোরণ

কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকার দাবি করা হলেও আজ মঙ্গলবার সকালেও সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।|
জঙ্গিরা গত শনিবার ওয়েস্টগেট নামের ওই বিপণিবিতানে ঢুকে তাণ্ডব চালানো শুরু করে। তাদের এলোপাতাড়ি গুলিতে শেষ খবর পাওয়া পর্যন্ত গত তিন দিনে ৬২ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়েছে। সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে।
আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বলছে, এখনো নিখোঁজ রয়েছে ৬৩ জন।
হামলার সময় সেখানে এক হাজার মানুষ ছিল বলে ধারণা করা হয়।
বিপণিবিতানটির ভেতরে এখনো দু-একজন বন্দুকধারী রয়েছে বলে ধারণা করেছে নিরাপত্তা বাহিনী।
কর্তৃপক্ষ বলছে, বিপণিবিতানটি জঙ্গিমুক্ত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গতকাল সারা রাত বিপণিবিতানটির ভেতর থেকে কোনো গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। কিন্তু আজ ভোরে হঠাত্ করে গুলি ও বিস্ফোরণের শব্দে এলাকাটি কেঁপে ওঠে। এ ঘটনার পর মনে করা হচ্ছে, বিপণিবিতানটি এখনো জঙ্গিমুক্ত হয়নি।
বিপণিবিতানের ভেতর থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনো সেখানে আরও জিম্মি থাকতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
বিপণিবিতানে জঙ্গিদের হামলায় ব্রিটেন, কানাডা, ভারতসহ কয়েকটি দেশের নাগরিক নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-কায়েদার মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী সোমালিয়াভিত্তিক আল-শাবাব। সোমালিয়া সরকার আল-শাবাব দমনে কেনিয়ার সহায়তা চায়। ২০১১ সালে কেনিয়ার চার হাজার সেনা সোমালিয়ায় মোতায়েন করা হয়। এর পর থেকে আল-শাবাব হুমকি দিচ্ছিল, কেনিয়া সেনা প্রত্যাহার না করলে হামলা চালানো হবে।