কেনিয়ার প্রধান বিমানবন্দরে ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার পর জরুরি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রাথমিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ সম্পর্কেও জানা যায়নি।জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (জেকেআইএ) পূর্ব আফ্রিকার প্রধান বিমানবন্দর। এ অঞ্চলের দূরপাল্লার ফ্লাইটগুলো এই বিমানবন্দর হয়ে চলাচল করে। ইউরোপীয় পর্যটক এবং দেশটির ফুল রপ্তানির জন্যও বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ। ফলে এ দুর্ঘটনার কারণে কেনিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।কেনিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর জেকেআইএ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। কেনিয়ার পরিবহনমন্ত্রী মাইকেল কামাউ আগুনের ভয়াবহতাকে ‘ব্যাপক’ উল্লেখ করেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রথম গাড়িটি আসে প্রায় সাতটার দিকে। কর্তৃপক্ষ জানায়, কেনিয়ার পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছে উদ্ধার তৎপরতা চালানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই। বিবিসি।