কেনিয়ার জাতীয় নির্বাচনে গতকাল সোমবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির নতুন সংবিধানের আওতায় দেশটিতে এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো।২০০৭ সালে কেনিয়ার বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের পর থেকে এ পর্যন্ত সেখানে জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় প্রায় এক হাজার ১০০ মানুষের প্রাণহানি হয়েছে। ওই ঘটনাকে সামনে রেখে এবারের নির্বাচনে সহিংসতা এড়াতে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। তবে গতকাল ভোট গ্রহণ শুরুর আগে বিভিন্ন এলাকায় সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।কেনিয়ার স্থানীয় সময় গতকাল ভোর ছয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে তারও প্রায় দুই ঘণ্টা আগে থেকে অনেক এলাকার ভোটকেন্দ্রের সামনে ভোটাররা সারি বেঁধে দাঁড়িয়ে যান। এ সময় অনেক এলাকার ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে কোথাও কোথাও ভোটারদের সারি ছিল অনেক ছোট।ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দরনগর মোম্বাসায় পৃথক দুটি হামলায় অন্তত নয় নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ সময় ছয় হামলাকারী এবং দুইজন বেসামরিক নাগরিকও নিহত হন। দেশটির পুলিশপ্রধান ডেভিড কিমায়ো এ কথা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, মোম্বাসা রিপাবলিকান কাউন্সিলের (এমআরসি) সদস্যরা এসব হামলা চালিয়েছেন।উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দেরা নগরেও দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী নাইরোবির কিছু ভোটকেন্দ্রে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সরঞ্জামে ত্রুটি দেখা দেওয়ায় ভোট গ্রহণ প্রক্রিয়ার গতি ছিল ধীর। কেনিয়ার নির্বাচনে প্রত্যেক ভোটার মোট ছয়টি ব্যালটে মোহর (সিল) দিয়েছেন। প্রেসিডেন্ট, আইনপ্রণেতা, গভর্নর, সিনেটর, কাউন্সিলর ও নারী প্রতিনিধি নির্বাচনের জন্য ছয়টি পৃথক ব্যালট ছাপানো হয়। এএফপি ও বিবিসি।