কেনিয়ার উপকূলবর্তী এমপেকেতোনি শহরে গত রোববার রাতে এলোপাতাড়ি হামলা চালিয়েছে জঙ্গিরা৷ শহরের একটি থানা, কয়েকটি হোটেল ও সরকারি কার্যালয়ে ওই হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে৷ সোমালিয়ার আল-শাবাব জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে৷ খবর এএফপি ও বিবিসির৷
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার স্থানীয় সময় রাত নয়টার দিকে ভারী অস্ত্রসজ্জিত প্রায় ৫০ জন জঙ্গি এমপেকেতোনি শহরে ঢোকে৷ শহরটি উপকূলীয় দ্বীপ ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র লামুর কাছে অবস্থিত৷ সোমালিয়া সীমান্ত থেকে এর দূরত্ব ৬০ মাইল৷ জঙ্গিরা প্রথমে একটি থানায় হামলা চালায়৷ এরপর তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে৷ স্থানীয় কিছু বার ও হোটেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আসা লোকজনও জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়৷
এমপেকেতোনির স্থানীয় কর্মকর্তা বেনসন মাইসরি জানান, হামলাকারীরা শহরের কয়েকটি হোটেল, রেস্তোরাঁ, ব্যাংক, সরকারি কার্যালয়সহ বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেয়৷ তিনি বলেন, ‘হামলাকারীদের দলে প্রায় ৫০ জন সদস্য ছিল৷ তারা তিনটি গাড়িতে করে আসে এবং তারা শাবাবের পতাকা উড়িয়েছিল৷’
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জন ওয়াওয়েরু (২৮) বলেন, ‘হামলাকারীরা রাত নয়টার দিকে আসে৷ তারা গুলি ছোড়ার সময় সোমালি ভাষায় কথা বলছিল৷ আমি আমার দুই ভাইকে হারিয়েছি৷ তবে আমি পালিয়ে আসতে পেরেছি৷ আমি দৌড়ে একটি বাড়িতে ঢুকে যাই৷’
এমপেকেতোনি শহরে ভয়াবহ বন্দুকযুদ্ধ মধ্যরাত পর্যন্ত অব্যাহত ছিল৷ ভোরের দিকে পরিস্থিতি শান্ত হতে শুরু করে৷ নিরাপত্তাকর্মীরা জানান, হামলাকারীদের ধরতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চলছে৷ মমরদেহ উদ্ধারে কাজ চলছে৷
কেনিয়ার পুলিশপ্রধান ডেভিড কিমাইও গতকাল জানান, মর্গে ৪৭টি লাশ নেওয়া হয়েছে৷ আরেকজন হাসপাতালে মারা গেছে৷ ৪৮ জনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে রেডক্রসও৷
শেষ খবর পাওয়া পর্যন্ত আল-শাবাব বা অন্য কেউ ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি৷ আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ২০১১ সালে সোমালিয়ায় গিয়েছিল কেনিয়ার সেনাবাহিনী৷ পরে কেনিয়া আল-শাবাবের বিরুদ্ধে লড়াইরত আফ্রিকান ইউনিয়নের বাহিনীতেও যোগ দেয়৷ ওই ঘটনার পর শাবাব কেনিয়ার মাটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল৷ গত বছরের সেপ্টেম্বরে শাবাবের জঙ্গিরা কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে হামলা চালায়৷ ওই ঘটনায় অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটেছিল৷ এ ছাড়া শাবাবের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের একজন ফুয়াদ মোহাম্মদ খালাফ গত মাসে এক বিবৃতিতে কেনিয়ার বিরুদ্ধে হামলা চালাতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷