কেনিয়ায় ৩৬ খ্রিষ্টান শ্রমিক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কেনিয়ায় সোমালিয়া থেকে আসা সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৩৬ জন খ্রিষ্টান শ্রমিক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে সোমালিয়া সীমান্তের মান্দেরা কাউন্টির এক পাথরখনিতে ওই হামলা হয়। জঙ্গি সংগঠন আল-শাবাব এর দায় স্বীকার করেছে। খবর এএফপি ও বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের পর শ্রমিকেরা মান্দেরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোরমি এলাকায় খনির তাঁবুতে ঘুমিয়েছিলেন। একপর্যায়ে সেখানে আল-শাবাব জঙ্গিরা হানা দেয়। তারা শ্রমিকদের মধ্য থেকে মুসলিম ও অমুসলিমদের আলাদা করে। পরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গুলি করে হত্যা করে। অধিকাংশ শ্রমিকের ক্ষেত্রে খুব কাছে থেকে মাথায় গুলি করা হয়। এ ছাড়া অন্তত চারজনের শিরশ্ছেদ করা হয়। সেখানকার অধিকাংশ শ্রমিক দক্ষিণ কেনিয়ার খ্রিষ্টান-অধ্যুষিত এলাকা থেকে এসেছিলেন।
এ ঘটনার জেরে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেংকুকে সরিয়ে দিয়েছেন। অন্যদিকে পুলিশ বাহিনীর প্রধান ডেভিড কিমাইয়োর ‘অবসরের অনুরোধ’ গ্রহণ করা হয়েছে।
সোমবার রাতেই মান্দেরা শহরের একটি পানশালায় বন্দুকধারী জঙ্গিদের গুলি ও গ্রেনেড হামলায় একজন নিহত ও ১২ জন আহত হয়। গত সপ্তাহে একই এলাকায় নাইরোবিগামী একটি বাস ছিনতাই করে এর ২৮ অমুসলিম যাত্রীকে গুলি করে হত্যা করে আল-শাবাব জঙ্গিরা।
সোমালিয়ায় জঙ্গিবিরোধী লড়াইয়ে সহযোগিতা দিতে আফ্রিকান ইউনিয়নের বাহিনীতে ২০১১ সালে কেনিয়া সেনা পাঠায়। এর পর থেকে দেশটিতে জঙ্গি তৎপরতা শুরু করে আল-শাবাব।