কেনীয় বিমান হামলায় আল-শাবাবের ৬০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় গেদো এলাকার গার্বাহারেতে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর একটি ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলায় অন্তত ৬০ জঙ্গি নিহত ও ৫০ জন আহত হয়েছে। কেনিয়ার সেনা সূত্রে এ কথা বলা হয়।কেনীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা বলেন, আল-শাবাবের মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দেওয়ার আগ পর্যন্ত তাঁদের অভিযান অব্যাহত থাকবে। আল-শাবাবের প্রতিরোধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং তাদের ২০ যোদ্ধা স্বপক্ষ ত্যাগ করেছে। এ ছাড়া তাদের নেতৃত্বেও ভাঙন দেখা দিয়েছে।তবে কেনীয় বাহিনীকে অবশ্যই পরাজিত করা হবে বলে অঙ্গীকার করেছে আল-শাবাব। খারাপ আবহাওয়ার কারণে সোমালিয়ার অভ্যন্তরে কেনীয় বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। অপরদিকে, ইথিওপিয়ার সেনাবাহিনীর আকস্মিক আক্রমণে চাপের মুখে পড়েছে আল-শাবাব।কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুলিশের মুখপাত্র এরিক কিরাইথে বলেন, আল-শাবাব যোদ্ধারা এখনো বড় হুমকি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ও কমনওয়েলথ জানিয়েছে, কেনিয়ায় সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। সেখানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিবিসি।