কেনেডি হত্যার ৫০তম বার্ষিকী পালিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকী গতকাল ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হয়েছে। বিশেষ করে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে পালন করা হয় বিশেষ বিশেষ কর্মসূচি।
ওয়াশিংটন ডিসির কাছে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে কেনেডির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। সেখানে তাঁর স্ত্রী জ্যাকি ও দুই সন্তানও সমাহিত রয়েছেন।
দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস, ইউএস ক্যাপিটলসহ অন্যান্য সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আজ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। উদ্যাপন করছি আমেরিকার ইতিহাসে তাঁর অসামান্য অর্জনের।’
ডালাসে আয়োজিত অনুষ্ঠানে সেখানকার সিম্ফনি অর্কেস্ট্রা পরিবেশনা করেছে। অনুষ্ঠানে ভাষণ দেন মেয়র মাইকেল রোলিংস। এ ছাড়া কেনেডির মৃত্যুর মুহূর্তে ঘণ্টাও বাজানো হয়। ১৯৬৩ সালের ২২ নভেম্বর মাত্র ৪৬ বছর বয়সে ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন কেনেডি। বিবিসি।