কেনেডিকে হত্যা করা হবে, জানতেন কাস্ত্রো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি গুপ্তঘাতকের হাতে হত্যাকাণ্ডের শিকার হবেন, তা আগেভাগেই জানতেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন অবসরপ্রাপ্ত গবেষক তাঁর নতুন একটি বইয়ে এ দাবি করেছেন। লি হার্ভে ওসওয়াল্ড নামের একজন কমিউনিস্ট-সমর্থক ১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাস ভ্রমণে থাকা যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেন। এ ঘটনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর সম্পৃক্ততা নিয়ে অর্ধশতাব্দীজুড়ে কানাঘুষা চলে আসছে। কারণ, কমিউনিস্টপন্থী কাস্ত্রোর সঙ্গে কেনেডির বৈরিতা ছিল।নতুন বইটির লেখক ব্রায়ান ল্যাটেল। তিনি ষাটের দশকে কিউবা নিয়ে কাজ করা সিআইএর গবেষক দলে ছিলেন। পরে তিনি গোয়েন্দা সংস্থাটির লাতিন আমেরিকাবিষয়ক প্রধান হন। কাস্ত্রোযস সিক্রেটস-দ্য সিআইএ অ্যান্ড কিউবাযস ইন্টেলিজেন্স মেশিন নামের বইটি আগামী মাসে প্রকাশিত হবে। বইটিতে ল্যাটেল দাবি করেছেন, কেনেডির ওপর আক্রমণ হতে যাচ্ছে, অন্তত এ বিষয়টি কাস্ত্রো জানতেন বলে তিনি নিশ্চিত । লেখক ল্যাটেল দাবি করেন, কেনেডিকে যেদিন হত্যা করা হয়, সেদিন সকালে কাস্ত্রো হাভানায় তাঁর একজন জ্যেষ্ঠ গোয়েন্দাকে সিআইএর রেডিও শোনা বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরিবর্তে তিনি টেক্সাস থেকে পাওয়া ছোট ছোট তথ্যের দিকে মনোনিবেশ করার নির্দেশ দেন।ওই ঘটনার চার ঘণ্টার মাথায় কেনেডি হত্যাকাণ্ডের খবর আসে। লেখক ল্যাটেল আরও দাবি করেন, ঘাতক ওসওয়াল্ড মেক্সিকোতে কিউবার দূতাবাসে গিয়ে দেশটিতে ভ্রমণভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হন। তখন তিনি দূতাবাসের কর্মকর্তাদের বলে আসেন, কমিউনিস্ট আদর্শের প্রতি একনিষ্ঠতা প্রমাণ করতে তিনি কেনেডিকে হত্যা করতে বের হচ্ছেন।ল্যাটেল বলেছেন, ‘ওসওয়াল্ডের অভিপ্রায় সম্পর্কে অবগত ছিলেন ফিদেল। কিন্তু তিনি এ কাজে তাঁকে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেননি।’ লেখক ল্যাটেল বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিয়ামির কিউবাবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক। দ্য মিয়ামি হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিউবার সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে তিনি এসব তথ্য পেয়েছেন। পরে মার্কিন সরকারের আলাদা করা গোপন নথিতে তার সমর্থন মিলেছে। পিটিআই।