কেনেডির সঙ্গে প্রেমের কথা নিজেই জ্যাকিকে বলে দেন মনরো!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকি কেনেডির দাম্পত্য কলহের মূলে ছিলেন হলিউড তারকা মেরিলিন মনরো। দুনিয়া কাঁপানো এই যৌন আবেদনময়ী অভিনেত্রীর সঙ্গে জন এফ কেনেডির সম্পর্কের বিষয়টি অজানা নয়। কিন্তু মনরো নিজে জ্যাকিকে ফোন করে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন, এটা নিশ্চয়ই খুব কম লোকই জানে।
কেনেডি ও মনরোর সম্পর্কের এ তথ্য নতুন একটি বইয়ে উঠে এসেছে। সেখানে কেনেডির জীবনের শেষ বছরটির দাম্পত্য কলহের বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
বইটির নাম দিস ফিউ প্রেসাশ ডেইজ: দ্য ফাইনাল ইয়ার অব জ্যাক উইথ জ্যাকি। লিখেছেন ক্রিস্টোফার অ্যান্ডারসন। বইয়ে লেখক বলেন, বিবাহিত জীবনে প্রতারিত হলেও মনরোর সঙ্গে স্বামীর সম্পর্ক দেখেও না দেখার ভান করতেন ফার্স্ট লেডি। তবে এই সম্পর্ক নিয়ে তিনি যে খুব অসুখী ছিলেন, তা কারও চোখ এড়ায়নি।
বইটিতে বলা হয়েছে, মনরো মনে-প্রাণে বিশ্বাস করতেন, প্রেসিডেন্ট তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে তাঁকে (মনরো) বিয়ে করবেন। এ কারণে তিনি তাঁর বন্ধু জেনি কারমেনকে বলেও বেড়াতেন, ‘তুমি কি আমাকে ফার্স্ট লেডি হিসেবে ভাবতে পারো না?’
হলিউডের প্রয়াত অভিনেতা প্যাটার লফোর্ডের বরাত দিয়ে বইটিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফার্স্ট লেডির কাছে ফোনে স্বীকার করেছিলেন মনরো। জবাবে জ্যাকি বলেছিলেন, ‘খুব ভালো কথা। আমি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাব। সমস্যাগুলো সব তোমারই হবে।’ বিবিসি।