কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা মোদির

পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশের সেনাবাহিনীর ভূমিকাকে জোরালোভাবে সমর্থন করেছেন আগামী নির্বাচনের জন্য সদ্য ঘোষিত বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী এই নেতা।
নরেন্দ্র মোদি গতকাল রোববার হরিয়ানায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আক্রমণ নিয়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির বিবৃতির সমালোচনা করেন। এ ছাড়া অরুণাচল প্রদেশে বারবার চীনাদের অনুপ্রবেশের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে একহাত নেন।
ভারতের প্রধান বিরোধী দল বিজেপি গত শুক্রবার নরেন্দ্র মোদিকে আগামী সাধারণ নির্বাচনে দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।
মোদি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে একটি দৃঢ়প্রতিজ্ঞ সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে।’ তিনি পাকিস্তানকে একঘরে করে রাখার ক্ষেত্রে বিজেপির নেতৃত্বধীন সাবেক এনডিএ সরকারের সফলতার কথা উল্লেখ করেন।
সেনাবাহিনীর প্রশংসা করে মোদি বলেন, ‘আমাদের সেনারা যে সাহস দেখিয়েছেন, যেভাবে তাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাকে আমি স্যালুট জানাই।’ সেনাবাহিনীকে ‘ধর্মনিরপেক্ষতার প্রতীক’ হিসেবে বর্ণনা করেন হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী দলের এই নেতা।
এদিকে নরেন্দ্র মোদিকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী করাকে একটি ‘বিজয়ী সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি। আইএএনএস।