যুক্তরাষ্ট্রে বাজেট বরাদ্দ নিয়ে চলমান অচলাবস্থার সমাধান না হলে আগামী সপ্তাহ থেকে দেশটির কেন্দ্রীয় আদালতগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বৃহস্পতিবার এই আশঙ্কা প্রকাশ করেন।
অচলাবস্থা নিরসনে স্বল্প মেয়াদে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা তা নাকচ করে দিয়েছেন।
মার্কিন আদালতগুলোর প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর পর্যন্ত আদালতের কার্যক্রম চালানোর মতো বাজেট বরাদ্দ রয়েছে। এরপর ঘাটতি দেখা দেবে। ১ অক্টোবর থেকে বিভিন্ন ফি ও অন্যান্য তহবিল দিয়ে খরচ চালিয়ে নিচ্ছেন আদালতগুলো। তাই চলতি সপ্তাহেই অচলাবস্থার নিরসন না হলে ১৮ অক্টোবরের পর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে অচলাবস্থা নিরসনে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামাকে একটি প্রস্তাব দেন রিপাবলিকানরা। তাঁদের প্রস্তাবে স্বল্প মেয়াদে রাষ্ট্রীয় ঋণসীমা বাড়ানোর কথা বলা হয়। কিন্তু তাতে বর্তমান অচলাবস্থা পুরোপুরি নিরসন হবে না বলে প্রস্তাব নাকচ করে দেন ওবামা।
যুক্তরাষ্ট্রে বর্তমান অচলাবস্থার শুরু গত ৩০ সেপ্টেম্বর অর্থবছর শেষ হওয়ার পর। নতুন বছরে সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে অর্থ বরাদ্দের প্রয়োজন হলে রিপাবলিকানরা ওবামা প্রশাসনকে একপ্রকার শর্ত দিয়ে বসেন। তাঁদের শর্ত হলো ওবামার নেওয়া স্বাস্থ্যসেবা প্রকল্প অন্তত এক বছর পিছিয়ে দিতে হবে। তা হলেই কেবল সেবা খাতগুলোতে নতুন অর্থ বরাদ্দে সম্মতি দেবেন রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় তাঁদের বাদ দিয়ে ওবামার পক্ষে বিল পাস করানো সম্ভব নয়। এএফপি।