কেন্দ্রীয় চার মন্ত্রীর সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শনিবার দেশটির কেন্দ্রীয় চার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। দুর্নীতির দায়ে ১২২টি টুজি (দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন) লাইসেন্স বাতিলে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ওই বৈঠক করেন মনমোহন। বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী কপিল সিবাল এবং আইন ও বিচারমন্ত্রী সালমান খুরশিদ। নয়াদিল্লির ৭ রেসকোর্স সড়কে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ওই বৈঠক হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সুপ্রিম কোর্টের আদেশ, দেশের টেলিযোগাযোগ খাত ও অর্থনীতিতে এর প্রভাব এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মনমোহন। নিলামের মাধ্যমে লাইসেন্স বরাদ্দের বিষয়েও কথা বলেন তিনি। বৈঠক শেষে মন্ত্রী কপিল সিবাল জানান, ‘বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রায়ের বিভিন্ন দিক নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’ ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা ১২২টি টুজি লাইসেন্স বরাদ্দ দেন। পরে তাতে দুর্নীতির অভিযোগ উঠলে সুপ্রিম কোর্ট এ মাসের শুরুতে ওই লাইসেন্স বাতিল করার আদেশ দেন। সুপ্রিম কোর্টের আদেশের পর ধারণা করা হয়েছিল, রায় ও টুজি লাইসেন্স বরাদ্দের নতুন নীতিমালা নিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।