কেন্দ্রীয় সরকারকে মমতার হুঁশিয়ারি
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঋণের সুদ মওকুফ করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। গতকাল শনিবার কলকাতার ঐতিহাসিক টাউন হলে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ দাবি জানান মমতা।মমতা বলেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা পশ্চিমবঙ্গ সরকারকে এবার পরিকল্পনা করে ভাতে মারার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নেওয়া রাজ্য সরকারের ঋণের সুদ মওকুফ করতে হবে। প্রতিবছর এ জন্য ২২ হাজার কোটি রুপি সুদ দিতে হয়।মমতা বলেন, অন্তত তিন বছরের জন্য এই সুদ প্রদান স্থগিত করতে হবে। তিনি কেন্দ্রীয় সরকারকে ১৫ দিনের সময় দিয়ে বলেন, এর মধ্যেই কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, নইলে ফল খারাপ হবে।মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র আমাদের কোনো আর্থিক প্যাকেজ দেয়নি। অনেক আবেদন-নিবেদন করেও কোনো আর্থিক সাহায্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি। অর্থমন্ত্রীর কাছে ৫০ বার দরবার করেও কোনো ফল পাওয়া যায়নি। আমাদের সরকার এখন ঋণে জর্জরিত। ব্যাহত হচ্ছে উন্নয়ন কার্যক্রম। রাজ্যের আর্ধিক সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সাহায্য না দিলে সমস্যা তৈরি হবে।’