কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব মাওবাদী নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদী শীর্ষনেতা ভেঙ্কটেশ্বর রেড্ডি বা তেলেগু দীপক কলকাতার সিআইডি পুলিশের পাতা জালে গ্রেপ্তার হওয়ার পর প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে মাওবাদীরা। গত মঙ্গলবার রাতে কলকাতার সরসুনা এলাকা থেকে দীপককে গ্রেপ্তার করা হয়। এর আগে পশ্চিমবঙ্গের মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতা সোমেনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাওবাদীদের ছত্রচ্ছায়ায় লালগড়ের জঙ্গলমহলে গড়ে ওঠা পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির সভাপতি লাল মোহন টুডু যৌথ বাহিনীর হাতে নিহত এবং দলের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতোর গ্রেপ্তারের পর মাওবাদীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।এরই মধ্যে তেলেগু দীপক গ্রেপ্তার হওয়ায় এবার মাওবাদীরাই আগ বাড়িয়ে সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। মাওবাদী শীর্ষনেতা কিষেণজি গতকাল বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থাকে এক ফ্যাক্সবার্তায় জানিয়ে দেন, তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে তাঁরা চান আলোচনায় বসার আগে তেলেগু দীপকসহ মাওবাদী নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। কিষেণজি ফ্যাক্সবার্তায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আমাদের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন না। আমরা আলোচনার প্রস্তাব দিয়ে যোগাযোগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি মোবাইল ফোন নম্বর দিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। উল্টো লালমোহন টুডুকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস’ চলতে থাকলে আমাদের ‘বিপ্লব’ও চলবে। তবে আমাদের দুপক্ষেরই উচিত আলোচনার টেবিলে বসা। তিনি তাঁদের দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।এদিকে ধৃত মাওবাদী নেতা তেলেগু দীপককে বুধবার কলকাতার আলিপুরের বিশেষ আদালত ১৭ মার্চ পর্যন্ত পুলিশ রিমান্ডে থাকার নির্দেশ দেয়। দীপক ইতিমধ্যে পুলিশি জেরার মুখে স্বীকার করেছে গৌরাঙ্গ নাম নিয়ে তিনি নন্দীগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে। কিষেণজি সেজে সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন। দীপকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে থানায় রয়েছে ৪০টি অভিযোগ। ওড়িশার মালকানগিরিতে ৩৮ জন পুলিশকর্মীর খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে ভূমি মাইন বিস্ফোরণ ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা ছিল দীপকের।