কেভিন রাডের দ্বিতীয় দিনের প্রচারণা, জনপ্রিয়তা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড গতকাল মঙ্গলবার ব্রিসবেনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের বিষয়ে তাঁর দলের অবস্থানের কথা তুলে ধরেন।
আগামী ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত সোমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাড। ক্ষমতাসীন লেবার পার্টির এ নেতা জনমত জরিপে তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির নেতা টনি অ্যাবোটের চেয়ে পিছিয়ে আছেন।
সর্বশেষ জনমত জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী রাডের প্রতি ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। প্রতিদ্বন্দ্বী অ্যাবোটের পক্ষে রয়েছে ৫২ শতাংশের সমর্থন। কিন্তু দুই সপ্তাহ আগে জরিপে দুই নেতার অবস্থান একই ছিল।
স্বদেশি মিডিয়া মোগল রুপার্ড মারডকের মালিকানাধীন গণমাধ্যম একসময় রাডকে সমর্থন দিলেও এবার তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়ার মুদ্রিত সংবাদমাধ্যমের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করেন মারডক।
রুপার্ড মারডক এবার রাডের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সোমবার মারডকের মালিকানার সিডনি ডেইলি টেলিগ্রাফ সম্পাদকীয়তে লিখেছে, ‘অবশেষে আপনারা একজনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ পেলেন।’ এএফপি।