কেমন আছে উহানবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কেবল একটা বিড়াল আর কিছু বাওজি (একধরনের খাবার) নিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার তিন সপ্তাহ হচ্ছে উ চেনের। তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুবার নিজের শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন এবং খুবই সতর্কভাবে নিজের ফ্ল্যাটটা পরিষ্কার রাখেন। উদ্দেশ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়ানো। উ চেনের মতো এমন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উহানসহ চীনের বেশ কয়েকটি শহরের লাখো বাসিন্দা।

কোয়ারেন্টাইনে থাকা শহরগুলোকে চীনা কর্তৃপক্ষ নজিরবিহীনভাবে অবরুদ্ধ করে রেখেছে, যা শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। নিজের জন্য খাবার ও মাস্ক সংগ্রহ এবং বিড়ালের খাবারের জন্য ২৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার উ চেন গত ১৩ জানুয়ারি মাত্র কয়েকবার ঘরের বাইরে বেরিয়েছেন। তিনি বলেন, এক বন্ধু তাঁর বিড়ালের অতিরিক্ত কিছু খাবার আর মাস্ক বিনা মূল্যে তাঁকে দিতে চেয়েছিলেন বলে তিনি গাড়ি চালিয়ে সেখানে যান। যাওয়ার পথে রাস্তার দুই পাশে কোনো লোকই দেখেননি। পুরো উহান শহর যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে।

উ চেন নিজেকে অবরুদ্ধ (কোয়ারেন্টাইন) করে রাখার পর থেকেই হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে।

১ কোটির বেশি মানুষ উহান ও আশপাশের এলাকা ছাড়তে পারছে না। কারণ, পথে পথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। বিভিন্ন এয়ারলাইনের যাত্রা বাতিল করা হয়েছে। রেল বন্ধ করে দেওয়ার পরও স্টেশনগুলোয় মিলিটারি পুলিশ অবরোধ করে বসে আছে। উহানের অবরুদ্ধ এলাকার ছবি ও ভিডিওতে দেখা যায়, হাসপাতালগুলোয় রোগীর উপচে পড়া ভিড়। সুপারমার্কেটের তাকগুলো সব খালি। কারণ, শহরে খাবারের সরবরাহ নেই বললেই চলে।

সিএনএনের কাছে উ চেন এবং অবরুদ্ধ অন্য স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁদের বিশ্বাস ছিল যে স্থানীয় কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে পারবে। উ চেন বলেন, ‘এমনিতে প্রতিদিনের জীবনযাপনে আমি কোনো জটিলতার মুখোমুখি হচ্ছি না। কেবল সাংঘাতিক একঘেয়ে জীবনের কারণে বিরক্ত হচ্ছি।’

গত ৫ জানুয়ারি উহানের একটি হাসপাতালে মার্কিন শিক্ষক জাস্টিন স্টিসের স্ত্রী লি লিং তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। এখন জাস্টিন নিজের স্ত্রী-সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু উহানের মার্কিন কনস্যুলেট থেকে এর মধ্যেই সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকা মার্কিন নাগরিকদের এই সপ্তাহে চারটি উড়োজাহাজে করে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কাগজপত্রের ঝামেলার কারণে জাস্টিন তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে ওই চার উড়োজাহাজের কোনোটি ধরতে পারেননি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, এরপর আর কোনো উড়োজাহাজ উহানে যাওয়ার সম্ভাবনা নেই।

জাস্টিন জানান, সুপারমার্কেটগুলোয় খুব সামান্যই খাবার আছে। যাও আছে, সেগুলো টাটকা নয়। কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ফলে অবরুদ্ধ অবস্থায় পরিবারগুলো খাবার ভাগাভাগি করছে। কয়েকটি পরিবার মিলিয়ে ছোট দল করে বাজারে যাচ্ছে।