কেমিক্যাল আলীকে চতুর্থ দফায় মৃত্যুদণ্ড
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চাচাতো ভাই কেমিক্যাল আলী নামে পরিচিত আলী হাসান আল-মাজিদকে গতকাল রোববার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৯৮৮ সালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হালাবজা শহরে কুর্দিদের ওপর গ্যাস হামলার দায়ে তাঁকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশিমকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।১৯৮৮ সালে কুর্দিদের ওপর ওই রাসায়নিক গ্যাস হামলায় প্রায় পাঁচ হাজার লোক মারা যায়। এদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। ওই হামলার পর থেকে আলী হাসান আল-মাজিদ কেমিক্যাল আলী নামে পরিচিতি পান। ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইরাকিয়া।২০০৩ সালের মার্চে ইরাকে মার্কিন বাহিনীর অভিযান শুরুর ছয় মাস পর আগস্টে গ্রেপ্তার হন কেমিক্যাল আলী। গতকালের রায় নিয়ে এ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তাঁকে চার দফায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।১৯৮৮ সালে আদিবাসী কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে জড়িত থাকার দায়ে ২০০৭ সালের জুনে কেমিক্যাল আলীকে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমনে হাত থাকায় ২০০৮ সালের ডিসেম্বরে তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর ১৯৯৯ সালে বাগদাদে শিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৯ সালের মার্চে তাঁকে তৃতীয় দফায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এএফপি, বিবিসি অনলাইন।