কেরালায় পদদলিত হয়ে ১০৪ তীর্থযাত্রীর মৃত্যু
ভারতের কেরালা রাজ্যের একটি মন্দিরে ধর্মীয় উৎসব শেষে বাড়ি ফেরার পথে পদদলিত হয়ে কমপক্ষে ১০৪ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনার পর আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে ওই হতাহতের ঘটনা ঘটে।গত শুক্রবার সন্ধ্যায় কেরালার দক্ষিণাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি এলাকায় সবরীমালা মন্দিরে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান শেষে তীর্থযাত্রীরা যখন বাড়ি ফিরছিলেন, তখন ওই দুর্ঘটনা ঘটে।কেরালার রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী কোদিইয়েরি বালাকৃষ্ণান কলকাতায় সাংবাদিকদের বলেন, তীর্থযাত্রীরা যখন বাসে ওঠার জন্য যাচ্ছিলেন, তখন ওই পদদলনের ঘটনা ঘটে। এতে ১০৪ জনের মৃত্যু হয়। আহত হন ৪০ জনেরও বেশি।সিপিআই(এম)-এর পলিটব্যুরোর বৈঠকে যোগ দেওয়ার জন্য কলকাতায় অবস্থানরত বালাকৃষ্ণান আরও বলেন, এ পর্যন্ত মাত্র ৫৪ জনের পরিচয় জানা গেছে। তাঁদের অধিকাংশেরই বাড়ি তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশে।কেরালার স্বরাষ্ট্রসচিব জয়া কুমার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।বিশেষ পুলিশের কমিশনার রাজেন্দ্র নায়ার বলেন, গাড়ি দুর্ঘটনার কারণে আতঙ্কের সৃষ্টি হয়। এতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি।ঘন জঙ্গল ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। গভীর রাত পর্যন্ত উদ্ধার-তৎপরতা চলে।প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, যদি প্রয়োজন হয়, সে জন্য স্থানীয় সামরিক ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।রাজ্যের রাজধানী তিরুভানানতাপুরামের ২০০ কিলোমিটার দূরে ইদুক্কি জেলার সবরীমালা মন্দিরে তীর্থযাত্রার শেষ দিনে ওই দুর্ঘটনা ঘটে। ১৯৯৯ সালে সেখানে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি তীর্থযাত্রী প্রাণ হারান।প্রধানমন্ত্রী মনমোহন সিং নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।দুর্ঘটনার পর কেরালার মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন উদ্ধার অভিযান নিয়ে আলোচনার জন্য থিরুভানাথাপুরামে জরুরি বৈঠক ডাকেন। এ ঘটনায় রাজ্য সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এএফপি, পিটিআই।