ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ক্রিমিয়া-সংকট নিয়ে বৈঠকে বসেন। লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠকে ক্রিমিয়া ও ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনা মোতায়েনে গভীর উদ্বেগ ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠককে গঠনমূলক উল্লেখ করে বলেন, ইউক্রেনে অনুপ্রবেশে তাঁদের কোনো খায়েশ নেই। তবে তাঁরা আগামী রোববার ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কেরি এই বার্তা দেন যে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করলে মস্কোকে অনেক মূল্য দিতে হবে। তবে কেরি এটা ধরে নিয়েছেন যে গণভোট ঠেকানো কিংবা একে বিলম্বিত করা যাবে না।
এর আগে কেরি মস্কোকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাশিয়া ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী সোমবার মস্কোর বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপের’ সিদ্ধান্ত নেবে।
ক্রিমিয়ায় আরও রুশ সেনা মোতায়েন: ক্রিমিয়ার সেভাস্তপোলের অদূরে উপসাগরীয় উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে গতকাল সকালে কয়েকটি ট্রাক, বিপুলসংখ্যক সেনা ও অন্তত একটি সাঁজোয়া যান নামানো হয়েছে। বিবিসি ও রয়টার্স।