যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এখন যারপনারই ক্ষুব্ধ ওই অঞ্চলে দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। সৌদি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ভাবনা ভিত্তিহীন—তাঁদের এটা বোঝানোই যদি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক রিয়াদ সফরের লক্ষ্য হয়ে থাকে, তবে তাঁকে আরও অনেক কাজ করতে হবে।
সম্প্রতি রিয়াদে শীর্ষস্থানীয় সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জন কেরি। ৯০ বছর বয়সী সৌদি বাদশাহ আবদুল্লাহ এখন সফরে আসা কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক করেন না বললেই চলে। তবে কেরির সঙ্গে বৈঠকের জন্য তিনি জ্যেষ্ঠ সব প্রিন্সকে একত্র করেন।
সৌদি নেতাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তার প্রধান আরব মিত্রের কথা শোনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানের সঙ্গে পারমাণবিক বিরোধ নিয়ে ওবামা প্রশাসন তাঁদের কথায় কান দিচ্ছে না। আঞ্চলিক আধিপত্য রিয়াদের প্রধান প্রতিদ্বন্দ্বী তেহরানের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে বিশ্বাস করেন তাঁরা।
রিয়াদ সফরকালে জন কেরি এসব বিষয়ে সৌদি নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। আর ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সংকট নিরসনে কোনো সংলাপ হলে সেখানে অবশ্যই সৌদি আরবের পরিপূর্ণ উপস্থিতি রাখা হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল-ফয়সালের সঙ্গে বৈঠকের পর কেরি বলেন, ‘আমাদের সম্পর্ক কৌশলগত। এটা টেকসই। তবে এটা সহজাত ব্যাপার যে কিছু ক্ষেত্রে আমাদের নীতি ও দৃষ্টিভঙ্গি এক হবে এবং অন্য কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকবে।’
তার পরও সৌদি নেতারা আশ্বস্ত হয়েছেন বলে মনে হচ্ছে না। সৌদি আরবের জেদ্দা ও সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের বিশ্লেষক মুস্তফা আলানি বলেন, ‘অভ্যন্তরীণ বৃত্তের ভেতরে অনুভূতিটা এমন: তাঁরা কেরির সফরকে স্বাগত জানিয়েছেন। বাদশাহকে দেখার ক্ষেত্রে তাঁর অভিলাষের প্রতি তাঁরা শ্রদ্ধা দেখিয়েছেন। তবে তিনি অর্ধেক খালি গ্লাস এনেছিলেন।’
সম্প্রতি মার্কিন মধ্যপ্রাচ্য নীতি সম্পর্কে প্রকাশ্যে রিয়াদ যেসব বার্তা দিয়েছে, তা কাঠখোট্টা এবং তাদের চরিত্রের সঙ্গে যায় না। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রশ্নে ‘অবস্থান বদলের’ কথাও বলেছেন জ্যেষ্ঠ প্রিন্স বন্দর বিন সুলতান, যিনি সৌদি আরবের গোয়েন্দাপ্রধান।