কেরির বক্তব্যের সমালোচনায় নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ‘পক্ষপাতমূলক’ বক্তব্যের সমালোচনা করেছেন। কেরি বলেছিলেন, দুই রাষ্ট্রভিত্তিক শান্তিচুক্তির সম্ভাবনা ঝুঁকিতে রয়েছে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনই বড় সমস্যা।
প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, তিনি কেরির বক্তব্যে হতাশ হয়েছেন। এটা ‘ভারসাম্যহীন’ এবং বসতি স্থাপনের বিষয়ে ‘মাত্রাতিরিক্ত গুরুত্ব’ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কেরি ইসরায়েলের বিরুদ্ধে ‘ফিলিস্তিনি সন্ত্রাসবাদের অবিরাম প্রচারে সুর মিলিয়েছেন’। ফিলিস্তিনিরা ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করতে চায় না। এটাই বিরোধের মূল কারণ। কিন্তু কেরি এই ‘সরল সত্য’ দেখছেন না। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে টুইটার বার্তা দিয়েছেন। বলেছেন, তিনি ইসরায়েলের প্রতি অসম্মান বরদাশত করবেন না। তিনি আগামী মাসে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে শক্ত থাকতে হবে।
ফ্রান্স অবশ্য কেরির অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে। দেশটি রাজধানী প্যারিসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সম্ভাব্য চুক্তির রূপরেখা নির্ধারণের জন্য আগামী মাসে একটি আন্তর্জাতিক সম্মেলন ডেকেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য-মার্ক অ্যারো বলেছেন, কেরির বক্তব্য স্পষ্ট, অঙ্গীকারবদ্ধ এবং উৎসাহব্যঞ্জক ছিল।