কেরির সমালোচনা করে ক্ষমা চাইলেন ইসরায়েলি মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ভূমিকার সমালোচনার ঘটনায় গত মঙ্গলবার ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।
ব্যক্তিগত আলাপচারিতায় মোশে অভিযোগ করেছিলেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার বিষয়ে কেরি একটি ‘বদ্ধমূল ধারণা’ নিয়ে আছেন। তাঁর এই মন্তব্য যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে। মোশের এই মন্তব্যকে ‘আক্রমণাত্মক’ বলে উল্লেখ করে হোয়াইট হাউস। তাঁর মন্তব্যের জের ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরুর প্রেক্ষাপটে ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলের মন্ত্রী।
এক বিবৃতিতে মোশে বলেন, কেরির নেতৃত্বে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিন্ন লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ইতিমধ্যে কেরির গৃহীত উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাঁকে আহত করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করিনি। এর পরও আমার কোনো কথায় তিনি আহত হলে, সে জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মোশে বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টায় ভুল ধারণার বশবর্তী হয়ে কেরি ত্রাণকর্তার মতো আচরণ করছেন।’ ইসরায়েলকে দেওয়া কেরির নিরাপত্তা পরিকল্পনা ‘যে কাগজে লেখা হয়েছে, সে পরিকল্পনা ওই কাগজের দামেরও উপযুক্ত নয়’ বলে মন্তব্য করেছিলেন তিনি।
ইসরায়েলের ইয়েদিয়ত আহরনট পত্রিকার এক প্রতিবেদনে মোশের ওই বক্তব্য ফাঁস হয়। পত্রিকার খবরে মোশের বরাত দিয়ে আরও বলা হয়, ‘জন কেরি যে সংকল্প নিয়ে আমাদের কাছে এসেছেন এবং বদ্ধমূল ধারণা নিয়ে ত্রাণকর্তার মতো আচরণ করছেন, এর মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনের সঙ্গে সংঘাতের বিষয়ে আমাকে অন্তত কিছু বোঝাতে সক্ষম হননি।’
প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন আরও মন্তব্য করেছিলেন, ‘কেরি নোবেল পুরস্কার লাভ করে আমাদের ছেড়ে গেলেই কেবল এ অবস্থা থেকে আমরা রক্ষা পেতে পারি।’ এএফপি।