কেলেঙ্কারির ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় সঠিক পদক্ষেপ না নিতে পারার জন্য গতকাল বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। তবে প্রধানমন্ত্রী নিজের বা তাঁর মধ্যডানপন্থী দল পিপলস পার্টির অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন।গত জানুয়ারি মাসে ওই দুর্নীতির কেলেঙ্কারির খবর প্রকাশ পায়। অভিযোগটি হচ্ছে, ক্ষমতাসীন দলের সাবেক অর্থ সম্পাদক লুইস বার্সেনাস সুইস ব্যাংকে চার কোটি ৮০ লাখ ইউরো লুকিয়ে রেখেছেন। বার্সেনাস বর্তমানে ঘুষ গ্রহণ ও কর ফাঁকির মামলায় জেলে রয়েছেন। বার্সেনাস আদালতে বলেছেন, তিনি আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশ কয়েক লাখ ইউরো নিয়েছেন এবং প্রধানমন্ত্রী রাহয়সহ পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তা বিতরণ করেছেন। ওই কেলেঙ্কারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ভুল হওয়ার কথা এই প্রথম স্বীকার করলেন প্রধানমন্ত্রী রাহয়। তিনি গতকাল পার্লামেন্টে ওই কেলেঙ্কারির বিষয়ে বিতর্ক শুরুর সময় দেওয়া ভাষণে বলেন, ‘আমার ভুল হয়েছিল। আমি দুঃখিত। তবে আসল কথা হচ্ছে, আমি এমন কারও ওপরে বিশ্বাস করে ভুল করেছিলাম, যিনি সেটার যোগ্য নন।’অভিযোগ উঠেছে, বার্সেনাস ২০০৯ সালে দলীয় পদ ছেড়ে দিলেও দল থেকে তাঁর আর্থিক সুবিধা পাওয়া অব্যাহত ছিল। প্রধানমন্ত্রী রাহয় তাঁর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন। গত জানুয়ারিতেও তিনি বার্সেনাসকে একটি খুদে বার্তা পাঠান, যাতে বলা হয়, ‘লুইস, আমি বিষয়টি বুঝি। শক্ত হন। আমি আপনাকে কাল ফোন করব।’ এ ঘটনা প্রকাশ পাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাহয়।পার্লামেন্টে গতকাল বিতর্ক চলাকালে বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির নেতারা প্রধানমন্ত্রী রাহয়ের পদত্যাগ দাবি করেন। তবে রাহয় ঘোষণা দেন, তিনি পদত্যাগ করবেন না এবং অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখবেন। রয়টার্স।