‘কেস আর ফেস’ ভোলেন না তিনি
বলিউড তারকা সালমান খান ও রণদীপ হুদা অভিনীত ‘কিক’ ছবিটি অনেকেই দেখেছেন। এই চলচ্চিত্রে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করা রণদীপ হুদাকে বেশ কয়েকবারই বলতে শোনা যায়, ‘আমি কেস (মামলা) আর ফেস (চেহারা) কখনো ভুলি না।’ বাস্তবেও এমন এক পুলিশ কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে। তিনিও ‘কেস আর ফেস’ ভোলেন না। এমনকি একবার দেখেই যে কারও চেহারা কয়েক বছর পর্যন্ত মনে রাখতে পারেন। এ পর্যন্ত এই পুলিশ কর্মকর্তা দুই হাজারের বেশি সন্দেহভাজন আসামি শনাক্ত করেছেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এই পুলিশ কর্মকর্তার নাম অ্যান্ডি পোপ। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার (পিসিএসও) তিনি। রেডিচ শহরের এই বাসিন্দা কাজ করছেন বার্মিংহামে। ওয়েস্ট মিডল্যান্ডসের পরিবহন কেন্দ্রগুলোয় টহল দেওয়া তাঁর কাজের অন্যতম অংশ। অর্থাৎ কর্মঘণ্টার সিংহভাগ কাটে তাঁর ট্রেন-বাসে। তিনি বলেছেন, একবার দেখেই তিনি যে কারও চেহারা কয়েক বছর পর্যন্ত মনে রাখতে পারেন। এমনকি মুখোশ পরা সন্দেহভাজন আসামিও শনাক্ত করেছেন বেশ কয়েকবার।
৪৩ বছর বয়সী অ্যান্ডি পোপ ২০১৮ সালে এক হাজার সন্দেহভাজন আসামি শনাক্তের মাইলফলক অতিক্রম করেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে ওই বছর তাঁকে চিফ কনস্টেবল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া পুলিশ বাহিনীতে অবদানের জন্য এ বছর ‘অ্যামপ্লিফন অ্যাওয়ার্ডস ফর ব্রেভ ব্রাইটনস’ পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন তিনি। অ্যান্ডি পোপ এখন ২০২২ সালের মধ্যে আড়াই হাজার সন্দেহভাজন আসামি শনাক্তের মাইলফলক অর্জনের চেষ্টা করছেন।
অনেকেই বলছেন, অ্যান্ডি পোপ অনন্য মেধাশক্তির অধিকারী। আর এ কারণেই তিনি এভাবে আসামি শনাক্ত করতে পারছেন। সহকর্মীরা তাঁর নাম দিয়েছেন ‘মেমোরি ম্যান’।
আমি মূলত পুলিশ বাহিনীর সরবরাহ করা আসামিদের ছবিগুলো ভালো করে দেখে নিই। সেটাই শেষ পর্যন্ত কাজে আসে।
পুলিশ কর্মকর্তা অ্যান্ডি পোপের ভাষ্য হলো, তিনি কীভাবে আসামি শনাক্ত করতে পারেন, তা তিনি ব্যাখ্যা করতে পারবেন না। তিনি বলেন, ‘আসলে সন্দেহভাজন কেউ সামনে পড়লেই আমার সহজাত প্রবৃত্তি বলে দেয়, সে আসামি হতে পারে। পরে দেখা যায়, আমি ঠিকই শনাক্ত করেছি। আমি মূলত পুলিশ বাহিনীর সরবরাহ করা আসামিদের ছবিগুলো ভালো করে দেখে নিই। সেটাই শেষ পর্যন্ত কাজে আসে।’
বিবিসি জানায়, অ্যান্ড পোপ একবার এক দিনে ১৭ জন সন্দেহভাজন আসামি শনাক্ত করেন। এক দিনে আসামি শনাক্তে তাঁর সর্বোচ্চ রেকর্ড এ পর্যন্ত সেটাই। তিনি আরেকবার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে কিছুটা দূরে রেস্তোরাঁর ভেতরে থাকা এক সন্দেহভাজন আসামি শনাক্ত করেছিলেন।
যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে ২০১২ সালে যোগ দেন অ্যান্ডে পোপ। এই বাহিনীর ২০ জনের একটি ছোট দল রয়েছে, যাকে ‘অ্যাসোসিয়েশন অব সুপার রিকগনাইজার’ বলা হয়। অ্যান্ডি পোপ সেই দলের সদস্য। অ্যাসোসিয়েশন অব সুপার রিকগনাইজারে তাঁরাই ঠাঁই পান, যাঁদের মেধাশক্তি অনন্য।